বাহরাইনে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রকে পাল্টা জবাব দিল ইরান
বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি আগাম সতর্কতামূলক রাডার স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। দক্ষিণ ইরানের হরমোজগান প্রদেশে একটি টেলিযোগাযোগ টাওয়ারে হামলার জবাবে এ আঘাত হানা হয়েছে বলে জানিয়েছে বাহিনীটি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিমে প্রকাশিত এক বিবৃতিতে এ হামলার দাবি করে আইআরজিসি।
এর কয়েক ঘণ্টা আগে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানায়, দেশটির হরমোজগান প্রদেশের বন্দরনগরী সিরিকে শত্রুপক্ষ হামলা চালিয়েছে।
আইআরজিসি জানিয়েছে, সিরিকের টেলিযোগাযোগ টাওয়ারে হামলার জবাব দিতেই বাহরাইনে যুক্তরাষ্ট্রের রাডার স্থাপনায় আঘাত হানা হয়েছে। হরমুজ প্রণালিতে আকাশপথে উসকানিমূলক তৎপরতা ও তেল চোরাচালান বন্ধ করতে শত্রুপক্ষকে সতর্ক করাও এ হামলার উদ্দেশ্য বলে জানিয়েছে তারা।
একই সঙ্গে, এ ধরনের আগ্রাসন আবার ঘটলে তাদের ক্ষেপণাস্ত্র ইউনিট আরও জোরালোভাবে পাল্টা হামলা চালাবে বলে হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি।
আইআরজিসির সঙ্গে সংশ্লিষ্ট বার্তা সংস্থা ফার্সের দাবি, ইরানের ক্ষেপণাস্ত্র বাহিনী হামলা চালিয়ে রাডার স্থাপনাটি ধ্বংস করেছে। তবে, এ বিষয়ে ওয়াশিংটন বা মানামার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
বাহরাইনে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তর অবস্থিত। মধ্যপ্রাচ্যে মার্কিন নৌ-অভিযান পরিচালনার প্রধান নিয়ন্ত্রণকেন্দ্র এটি।
গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধের শুরুর দিকে ওই ঘাঁটিতে হামলা হয়েছিল। সে সময় স্যাটেলাইট ছবিতে কয়েকটি রাডার গম্বুজে আঘাতের চিহ্ন এবং বিভিন্ন ভবনের ক্ষয়ক্ষতি দেখা যায়।
ইরানে নতুন করে হামলার সম্ভাবনা বিবেচনায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন সামরিক ঘাঁটি থেকে সেনাসদস্য ও সামরিক সরঞ্জাম সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। তবে, সামরিক অভিযানের প্রস্তুতি ঠিক রাখতে নিয়মিতই সেনাসদস্য ও সরঞ্জাম স্থানান্তর করা হয় বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কাতারের মধ্যস্থতায় চলা কূটনৈতিক আলোচনা কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হলে ওয়াশিংটন আবারও যুদ্ধে ফিরতে প্রস্তুত।
তবে, ইরানের ওপর অর্থনৈতিক চাপ কার্যকর হচ্ছে। তাই এখনই বড় ধরনের সামরিক অভিযান শুরুর প্রয়োজন নেই বলে মনে করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
এদিকে, যুক্তরাষ্ট্র নতুন করে যুদ্ধ শুরু করলে পশ্চিম এশিয়া থেকে ইউরোপ পর্যন্ত যুদ্ধে যুক্ত সব মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালাতে পারে ইরান।
এসব ঘাঁটিকে দেশটির হামলার লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের নিরাপত্তাপ্রধান মোহসেন রেজায়ি।
তথ্যসূত্র: আল-জাজিরা, জাগোনিউজ