শনিবার, নভেম্বর ১৪, ২০২৬

রসগোল্লা ভেবে বোমায় কামড়, ভারতে বিস্ফোরণে যুবক নিহত

সোনার দেশ ডেস্ক ১৩ নভেম্বর ২০২৬ ১০:০১ অপরাহ্ন আন্তর্জাতিক
সোনার দেশ ডেস্ক ১৩ নভেম্বর ২০২৬ ১০:০১ অপরাহ্ন
রসগোল্লা ভেবে বোমায় কামড়, ভারতে বিস্ফোরণে যুবক নিহত
এআই দিয়ে তৈরি প্রতিকি ছবি।

হাড়ি ভর্তি রসগোল্লা দেখে লোভ সামলাতে না পেরে যেইনা তার একটি মুখে দিলেন, কামড় পড়তেই ওমনি বিস্ফোরণ। ভারতের মধ্য প্রদেশের দিন্দোরি জেলায় এমনই বিচিত্র এক ঘটনায় প্রাণ গেছে এক যুবকের।


ইন্ডিয়া টুডের খবর অনুযায়ী, গত মঙ্গলবার স্থানীয় সময় রাত আনুমানিক ৮টার দিকে দিওয়ালি উৎসব চলাকাকালে দিন্দোরির ছানতা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।


পুলিশ বলছে, বন্য শূকর শিকারের জন্য স্থানীয়রা এক ধরনের দেশীয় হাতবোমা তৈরি করে, যা দেখতে সাদা রসগোল্লার মত চকচকে। এটিই কাল হয় রাজেন্দ্র রারৌতিয়া (৩৫) নামে ওই যুবকের। রসগোল্লা ভেবে বোমা মুখে ঢুকাতেই বিস্ফোরণের ঘটনা ঘটে।


দিন্দোরি কোতোয়ালি থানার ওসি বলছেন, ঘটনার সময় রাজেন্দ্র অন্যদের সঙ্গে আগুন পোহাচ্ছিলেন। এ সময় তার বন্ধু রাম ভগত কথাবার্তা ও হাসি-তামাশার ছলে রসগোল্লার মত দেখতে ওই বিস্ফোরকটি তার মুখে ঢুকিয়ে দেন। রাজেন্দ্র বস্তুটিতে কামড় দেওয়ার সঙ্গে সঙ্গে প্রচণ্ড শব্দে তা বিস্ফোরিত হলে তিনি গুরুতর আহত হন। তাকে দ্রুত দিন্দোরি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক রাজেন্দ্রকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত শেষে লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


পুলিশ বলছে, দিন্দোরি অঞ্চলের কিছু গ্রামীণ ও আদিবাসী সম্প্রদায় বন্য শূকর শিকারের জন্য এই ধরনের দেশীয় বিস্ফোরক ব্যবহার করে থাকে। সাধারণত আতশবাজি বা পাথরের খাদান থেকে সংগৃহীত বারুদ ময়দার গোলার ভেতরে ভরে এগুলো তৈরি করা হয়।


পুলিশ কর্মকর্তা রেখা সিং বলেন, নিছক মজা করার ছলে নাকি হত্যার উদ্দেশ্যে রাজেন্দ্রকে ওই বিস্ফোরকটি দেওয়া হয়েছিল, তদন্তকারীরা এখনো তা নিশ্চিত হতে পারেননি। পুলিশ তার বন্ধু রাম ভগত বরোতিয়ারাকে গ্রেপ্তার করেছে।


তথ্যসূত্র: বিডিনিউজ