সাধারণ সৈনিকের ধমক খেলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ও তার সফরসঙ্গীদের নীরবতা ও শিষ্টাচার বজায় রাখতে ধমক দিয়েছেন দেশটির সেনাবাহিনীর এক সাধারণ সদস্য। বুধবার (১১ নভেম্বর) ওয়াশিংটনের আর্লিংটন ন্যাশনাল সিমেট্রিতে অজ্ঞাতনামা সৈনিকদের সমাধিসৌধ ‘টম্ব অব দ্য আননোন সোলজার’ এলাকায় এ ঘটনা ঘটে। ওই দিন ভেটের্যান্স ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের পর সেখানে ছবি তোলার সময় হেগসেথের দলের কয়েকজনকে হাসাহাসি ও কথা বলতে শোনা যায়। এসময় দায়িত্বে থাকা সেনাসদস্য তাদের সতর্ক করেন।
ঘটনাটি বুধবার (১১ নভেম্বর) ঘটলেও এর ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভিডিওতে দেখা যায়, হেগসেথ, তার স্ত্রী ও কয়েকজন জ্যেষ্ঠ সহযোগী স্মৃতিসৌধের সিঁড়িতে ছবি তুলছেন ও নিজেদের মধ্যে কথা বলছেন। একপর্যায়ে হাসির শব্দ শোনা গেলে সেখানে পাহারার দায়িত্বে থাকা সেনাসদস্য তাদের দিকে ফিরে উচ্চস্বরে বলেন, ‘সব দর্শনার্থীকে সব সময় নীরবতা ও শ্রদ্ধার পরিবেশ বজায় রাখতে হবে।’
সেনাসদস্যের এ সতর্কবার্তার পর ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। যুক্তরাষ্ট্রের অন্যতম পবিত্র সামরিক স্মৃতিসৌধে দায়িত্বশীল ব্যক্তিদের এমন আচরণ নিয়ে সমালোচনাও দেখা দেয়।
তবে ঘটনার পর পেন্টাগনের মুখপাত্র শন পারনেল বলেন, ওই সেনাসদস্য যথাযথ ও সম্মানজনকভাবেই সবাইকে শিষ্টাচার বজায় রাখার কথা স্মরণ করিয়ে দিয়েছেন। তিনি আরও বলেন, দেশের নিরাপত্তা রক্ষায় সেনাসদস্যদের আত্মত্যাগের প্রতি প্রতিরক্ষামন্ত্রী ও প্রতিরক্ষা বিভাগ সব সময় শ্রদ্ধাশীল।
ঘটনার একদিন পর বৃহস্পতিবার (১২ নভেম্বর) ওই সেনাসদস্যকে পদক দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তার নাম থমাস ইগলেসিয়াস। তিনি যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর স্পেশালিস্ট পদমর্যাদার সদস্য এবং অজ্ঞাতনামা সৈনিকদের সমাধিসৌধ পাহারার দায়িত্বে থাকা থার্ড ইনফ্যান্ট্রি রেজিমেন্টের ‘দ্য ওল্ড গার্ড’ ইউনিটের সদস্য।
পেন্টাগন জানিয়েছে, ১১ নভেম্বর সমাধিসৌধে দায়িত্ব পালনের জন্য ইগলেসিয়াসকে ‘জয়েন্ট সার্ভিস কমেন্ডেশন মেডেল’ দেওয়া হয়েছে। হেগসেথ সামাজিক যোগাযোগমাধ্যমে পদক পরিয়ে দেওয়ার ছবি প্রকাশ করে লিখেছেন, আমরা সেনাসদস্যদের ভালোবাসি। আমরা শৃঙ্খলা ও মানদণ্ডকে ভালোবাসি। ভালো করেছেন, স্পেশালিস্ট।
সামরিক বাহিনীতে এই পদককে তুলনামূলক উচ্চ মর্যাদার স্বীকৃতি হিসেবে বিবেচনা করা হয়। সাধারণত জুনিয়র পর্যায়ের তালিকাভুক্ত সেনাসদস্যদের এ পদক দেওয়া হয় না।
আর্লিংটন ন্যাশনাল সিমেট্রির ‘টম্ব অব দ্য আননোন সোলজার’ যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক স্মৃতিসৌধ। প্রথম বিশ্বযুদ্ধসহ বিভিন্ন যুদ্ধে নিহত, যাদের পরিচয় শনাক্ত করা যায়নি, এমন মার্কিন সেনাসদস্যদের সমাধি রয়েছে সেখানে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও কোরীয় যুদ্ধের অজ্ঞাতনামা সেনাসদস্যদের দেহাবশেষও সেখানে সমাহিত করা হয়েছে।
১৯৪৮ সাল থেকে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর থার্ড ইনফ্যান্ট্রি রেজিমেন্টের সদস্যরা দিনরাত, আবহাওয়া যেমনই হোক, এই সমাধিসৌধ পাহারা দিয়ে আসছেন। সামরিক বাহিনীতে ‘দ্য ওল্ড গার্ড’ নামে পরিচিত এই ইউনিটের সদস্যরা সেখানে দায়িত্ব পালনের সময় কঠোর শৃঙ্খলা ও আনুষ্ঠানিকতা বজায় রাখেন।
ঘটনাটি এমন এক সময়ে ঘটেছে, যখন হেগসেথ নিজেও রাজনৈতিক চাপের মুখে রয়েছেন। এর আগের দিনই কংগ্রেসের প্রতিনিধি পরিষদে তার বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া শুরুর উদ্যোগ আটকে যায়। রিপাবলিকান আইনপ্রণেতাদের বিরোধিতায় প্রস্তাবটি এগোতে পারেনি। তবে আগামী জানুয়ারিতে কংগ্রেসের উভয় কক্ষে ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হলে এ উদ্যোগ আবারও সামনে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
অভিশংসনের উদ্যোগের নেতৃত্বে ছিলেন রিপাবলিকান কংগ্রেসম্যান থমাস ম্যাসি। ইরানে যুদ্ধ পরিচালনা, বেসামরিক মানুষের প্রাণহানি কমানোর নিয়ম উপেক্ষা এবং সন্দেহভাজন মাদক পাচারকারী নৌযানে প্রাণঘাতী হামলাসহ বিভিন্ন বিষয়ে হেগসেথের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন তিনি ও তার সমর্থকেরা। তবে হেগসেথ এসব অভিযোগকে নীতিগত মতবিরোধ হিসেবে বর্ণনা করে তার বিরুদ্ধে অভিশংসনের উদ্যোগকে ‘নাশকতা’ বলে আখ্যা দিয়েছেন।
তথ্যসূত্র: এপি, জাগোনিউজ