শনিবার, নভেম্বর ১৪, ২০২৬

দুই দেশের সুবিধাজনক তারিখে হবে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ: জয়সওয়াল

সোনার দেশ ডেস্ক ১৩ নভেম্বর ২০২৬ ১০:১৪ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ১৩ নভেম্বর ২০২৬ ১০:১৪ অপরাহ্ন
দুই দেশের সুবিধাজনক তারিখে হবে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ: জয়সওয়াল
রণধীর জয়সওয়াল। ছবি: সংগৃহীত

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে চায় ভারত। দুই দেশের বিদ্যমান দ্বিপক্ষীয় কাঠামোর আওতায় বিভিন্ন বিষয়ে আলোচনা ও বৈঠক অব্যাহত রয়েছে। এর মধ্যে রয়েছে বাণিজ্য, রেল যোগাযোগ, পানিসম্পদ ও সীমান্ত ব্যবস্থাপনা।


শুক্রবার (১৩ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ নিয়ে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন।


রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত। সে অনুযায়ী বাণিজ্য, রেলওয়ে, পানিসম্পদ ও সীমান্ত ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় নানা উদ্যোগ নেওয়া হয়েছে এবং বৈঠক অনুষ্ঠিত হয়েছে।


জয়সওয়াল জানান, বাংলাদেশ ও ভারতের পরবর্তী কনস্যুলার সংলাপের তারিখ দুই দেশের পারস্পরিক সুবিধা অনুযায়ী নির্ধারণ করা হবে। ওই সংলাপে সংশোধিত ভ্রমণব্যবস্থাসংক্রান্ত বিষয়গুলোও আলোচনায় আসবে।


ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, বিদ্যমান প্রাতিষ্ঠানিক ব্যবস্থার আওতায়, এমনকি কারিগরি পর্যায়েও বাংলাদেশের সঙ্গে সব ধরনের বিষয় ও দ্বিপক্ষীয় ইস্যু নিয়ে আলোচনায় প্রস্তুত রয়েছে ভারত।


জয়সওয়াল বলেন, কনস্যুলার সংলাপ পারস্পরিক সুবিধাজনক একটি তারিখে অনুষ্ঠিত হবে।


উল্লেখ্য, ১৭ ও ১৮ নভেম্বর ঢাকায় দুই দেশের মধ্যে পঞ্চম দফার কনস্যুলার সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে। কূটনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে করা আবেদনের পরিপ্রেক্ষিতে দুই দেশের মধ্যে নতুন করে টানাপোড়েন তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে দীর্ঘদিন ধরে প্রস্তুতি চলা এই সংলাপের ওপরও।


তথ্যসূত্র: আজকের পত্রিকা অনলাইন