শনিবার, নভেম্বর ১৪, ২০২৬

টাঙ্গাইলে সড়কে ট্রাক থামিয়ে চাঁদাবাজি, বিএনপি নেতা বললেন ‘কার্যালয়ের খরচ’

সোনার দেশ ডেস্ক ১৩ নভেম্বর ২০২৬ ১০:১৭ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ১৩ নভেম্বর ২০২৬ ১০:১৭ অপরাহ্ন
টাঙ্গাইলে সড়কে ট্রাক থামিয়ে চাঁদাবাজি, বিএনপি নেতা বললেন ‘কার্যালয়ের খরচ’
হাটুভাঙ্গা সেতুর উত্তর পাশে ট্রাক থামিয়ে চাঁদা আদায় করছেন সোহেল। ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের মির্জাপুরে গোড়াই-সখীপুর আঞ্চলিক সড়কে ট্রাক থামিয়ে বিএনপির দুই নেতার নির্দেশে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। জেলা ট্রাক মালিক সমিতির রশিদ ব্যবহার করে ট্রাকপ্রতি ১০০ টাকা করে নেওয়া হচ্ছে বলে অভিযোগ চালকদের। চাঁদা আদায়ের একটি ভিডিও আজ শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।


অভিযুক্ত নেতারা হলেন মির্জাপুর উপজেলার আজগানা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও গোড়াই-হাটুভাঙ্গা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক লাল মিয়া ওরফে কোটিপতি লাল মিয়া এবং আজগানা ইউনিয়ন বিএনপির অর্থবিষয়ক সম্পাদক ও একই সমিতির সহসভাপতি কবির সিকদার।


স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে আজগানা ইউনিয়নের বেলতৈল শেখের চালা গ্রামের সোহেল ও ইউসুফ গোড়াই-সখীপুর আঞ্চলিক সড়কের হাটুভাঙ্গা সেতুর উত্তর পাশে চেয়ার বসিয়ে ট্রাক থামান। পরে জেলা ট্রাক মালিক সমিতির রশিদ দিয়ে প্রতিটি ট্রাক থেকে ১০০ টাকা করে আদায় করেন তাঁরা। টাকা দিতে আপত্তি জানালে চালকদের সঙ্গে দুর্ব্যবহার করা হয় বলেও অভিযোগ করেছেন চালকেরা।


একাধিক ট্রাকচালক জানান, আগে ওই স্থানে তাঁদের কোনো টাকা দিতে হয়নি। হঠাৎ করে সড়কে ট্রাক থামিয়ে চাঁদাবাজির ঘটনায় তাঁরা বিব্রত ও ক্ষুব্ধ। সরকারি সড়কে এভাবে যানবাহন থামিয়ে চাঁদা আদায়কে অন্যায় বলে মনে করছেন তাঁরা।


চাঁদা আদায়ের সময় ঘটনাস্থলে গিয়ে সোহেল ও ইউসুফের কাছে এর কারণ জানতে চান স্থানীয় এক সংবাদকর্মী। এ সময় সোহেল দাবি করেন, স্থানীয় বিএনপি নেতা লাল মিয়া ও কবির সিকদারের নির্দেশেই তাঁরা টাকা আদায় করছেন।


অভিযোগের বিষয়ে বিএনপি নেতা লাল মিয়া ওরফে কোটিপতি লাল মিয়া বলেন, ‘জেলা থেকে ট্রাক মালিক সমিতির কমিটি দেওয়া হয়েছে। কার্যালয়ের খরচের জন্য টাকা তোলা হয়েছে। নিয়ম মেনেই বৈধভাবে টাকা নেওয়া হচ্ছিল।’


অপর অভিযুক্ত কবির সিকদার বলেন, ‘টাকা আদায়ের বিষয়টি আমার জানা ছিল না। জানার পরপরই তা বন্ধ করে দেওয়া হয়েছে।’


আজগানা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল গণি বোখারী বলেন, ‘আমার ইউনিয়নে বিএনপির কোনো নেতা চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকলে উপজেলা বিএনপির নেতাদের সঙ্গে আলোচনা করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’


টাঙ্গাইল জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক আশরাফ পাহেলী বলেন, ‘সড়কে টাকা আদায়ের বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে ঘটনার সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’


টাঙ্গাইল সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শাহরিয়ার আলম বলেন, সড়কে এভাবে টাকা আদায়ের কোনো সুযোগ নেই। বিষয়টি খতিয়ে দেখা হবে।


মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, এ বিষয়ে আমি অবগত নই। খোঁজ নিয়ে ঘটনার সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


তথ্যসূত্র: আজকের পত্রিকা অনলাইন