শনিবার, নভেম্বর ১৪, ২০২৬

রোগমুক্তির আশায় হুজুরের পানিপড়া নিতে ফুলবাড়ী স্টেশনে উপচেপড়া ভিড়

ফুলবাড়ী প্রতিনিধি ১৩ নভেম্বর ২০২৬ ১০:১৮ অপরাহ্ন জাতীয়
ফুলবাড়ী প্রতিনিধি ১৩ নভেম্বর ২০২৬ ১০:১৮ অপরাহ্ন
রোগমুক্তির আশায় হুজুরের পানিপড়া নিতে ফুলবাড়ী স্টেশনে উপচেপড়া ভিড়

রোগমুক্তির আশায় নওগাঁর আত্রাইয়ের এক হুজুরের পানিপড়া নিতে ট্রেনে ছুটছেন বিভিন্ন বয়সী নারী-পুরুষ। তাঁদের ভিড়ে উপচে পড়ছে দিনাজপুরের ফুলবাড়ী রেলওয়ে স্টেশন। শুক্রবার সকাল থেকে স্টেশনে মানুষের এমন ঢল নামায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ ট্রেনযাত্রীরা। প্ল্যাটফর্মে তৈরি হয়েছে অতিরিক্ত চাপ, বিঘ্নিত হচ্ছে স্বাভাবিক চলাচল।


সরেজমিনে দেখা যায়, স্টেশনের প্ল্যাটফর্ম ও আশপাশের এলাকায় নারী-পুরুষের ব্যাপক উপস্থিতি। কেউ নিজের রোগমুক্তির আশায়, কেউ আবার পরিবারের সদস্যদের সুস্থতার প্রত্যাশায় আত্রাই যাওয়ার জন্য ট্রেনের অপেক্ষা করছেন। তাঁদের অনেকেই এসেছেন দূর-দূরান্ত থেকে। এ কারণে সাধারণ যাত্রীদেরও ভিড় ঠেলে প্ল্যাটফর্মে চলাচল করতে হচ্ছে।


স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, আত্রাইয়ের ওই হুজুরের পানিপড়া খেলে বিভিন্ন রোগ থেকে মুক্তি পাওয়া যায়—এমন প্রচারণা ও জনশ্রুতি ছড়িয়ে পড়েছে এলাকায়। সেই বিশ্বাস থেকেই প্রতিবন্ধী সন্তান, দীর্ঘদিনের অসুস্থতা এবং সন্তান না হওয়ার মতো সমস্যার সমাধানের আশায় ছুটছেন অনেকে।


জগদ্দল গ্রামের সুবেদ রায় ও মনিকা বালা তাঁদের প্রতিবন্ধী ছেলেকে নিয়ে আত্রাই যাচ্ছেন। তাঁদের ভাষ্য, ওই হুজুরের পানিপড়া খেলে প্রতিবন্ধী শিশুরা সুস্থ হয়ে যাচ্ছে বলে শুনেছেন। একই প্রত্যাশায় আমবাড়ীর বিন্যাকুঁড়ি গ্রামের আবুল হোসেনও যাচ্ছেন আত্রাইয়ে। তিনি জানান, দীর্ঘদিন ধরে পাইলস রোগে ভুগছেন। চিকিৎসা করিয়েও সুস্থ না হওয়ায় এখন পানিপড়ার ওপর ভরসা করছেন।


আদিবাসী গৃহবধূ রুপালী হাঁসদা জানান, বিয়ের চার বছর পেরিয়ে গেলেও তাঁদের সন্তান হয়নি। এ কারণে স্বামীকে সঙ্গে নিয়ে পানিপড়া নিতে যাচ্ছেন। তাঁদের বিশ্বাস, এতে সন্তান লাভের আশা পূরণ হবে। অন্যদিকে গৃহবধূ মর্জিনা বেগম জানান, দিনাজপুর ও রংপুর মেডিকেলে চিকিৎসা নিয়েও সুস্থ হতে পারেননি। প্রতিবেশীর কাছে আত্রাইয়ের হুজুরের কথা শুনে তিনিও সেখানে যাচ্ছেন।


এদিকে অতিরিক্ত মানুষের সমাগমে ভোগান্তির কথা জানিয়েছেন সাধারণ যাত্রীরা। ট্রেনযাত্রী নূর ইসলাম বলেন, প্ল্যাটফর্মে এত মানুষের ভিড়ে স্বাভাবিকভাবে চলাচল করা কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে ট্রেন আসার সময় ওঠানামায় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। যাত্রীদের নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে স্টেশন কর্তৃপক্ষের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।


ফুলবাড়ী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আনন্দ চক্রবর্তী বলেন, কয়েক দিন ধরেই স্টেশনে এমন ভিড় দেখা যাচ্ছে। তাঁদের অধিকাংশই আত্রাইয়ের ওই হুজুরের কাছে পানিপড়া নিতে যাচ্ছেন বলে জানিয়েছেন। ফুলবাড়ী থেকে ঢাকা, খুলনা ও রাজশাহীগামী বিভিন্ন ট্রেনে তাঁরা যাত্রা করছেন। যেসব ট্রেন আত্রাইয়ে থামে না, সেসব ট্রেনের যাত্রীরা সান্তাহার অথবা নাটোরে নেমে বাস ও সিএনজিতে আত্রাই যাচ্ছেন। অতিরিক্ত যাত্রীর চাপে স্টেশনে স্বাভাবিক চলাচল ও নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। যাত্রীদের ওঠানামা ও চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।