ডেঙ্গুতে মৃত্যু থামছেই না, একদিনে ঝরলো আরও ৮ প্রাণ
ডেঙ্গুতে মৃত্যু যেন আর থামছে না। সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত সময়ে আগের ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়। এছাড়া এই সময়ের মধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৬৭৪ জন।
শনিবার (১৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৭১৪ জন, ময়মনসিংহ বিভাগে ৫০ জন, চট্টগ্রাম বিভাগে ৩১১ জন, খুলনা বিভাগে ১৯০ জন, রাজশাহী বিভাগে ১১৫ জন, রংপুর বিভাগে ৬০ জন, বরিশাল বিভাগের ২১৩ জন এবং সিলেট বিভাগে ২১ জন আক্রান্ত হয়েছে।
আরও জানানো হয়, চলতি বছরের শুরু থেকে আজকে পর্যন্ত সারা দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৬০ হাজার ৫৫৭ জন। এদের মধ্যে ১ লাখ ৫৪ হাজার ১৫১ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। আর বর্তমানে হাসপাতালে ৫ হাজার ৯১৫ জন চিকিৎসাধীন আছেন। এছাড়া এই সময়ের মধ্যে মারা গিয়েছে ৪৯১ জন।
তথ্যসূত্র: বাংলাট্রিবিউন