পদ্মা সেতু অবরোধের মামলায় আসামি ৭ মাস আগে মারা যাওয়া মুক্তিযোদ্ধা
শরীয়তপুরের জাজিরায় ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন স্লোগান দিয়ে লগি-বৈঠা হাতে পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের টোলপ্লাজা অবরোধ, গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা হয়েছে।
এ মামলায় মৃত্যুর সাড়ে সাত মাস পর আসামি করা হয়েছে এক বীর মুক্তিযোদ্ধাকে।
বৃহস্পতিবার সকালে পদ্মা সেতু দক্ষিণ থানার এসআই আকরাম সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি করেন বলে জানিয়েছেন পদ্মা সেতু দক্ষিণ থানার ওসি মো. আব্দুস সালাম।
আসামি সামচু ঢালী মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন। ২৯ মার্চ তার মৃত্যু হয়। তবে ৯ নভেম্বর রাতে ঘটে যাওয়া অবরোধ ও ভাঙচুরের ঘটনায় করা মামলার এজাহারে তার নাম রয়েছে ২১৯ নম্বরে।
পুরিশ জানায়, ৯ নভেম্বর রাত ১টার দিকে জাজিরার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজার সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় তারা লাঠিসোঁটা ও লগি-বৈঠা নিয়ে সড়কে অবস্থান নেন। একপর্যায়ে কয়েকটি গাড়ি ভাঙচুর ও একাধিক ককটেল বিস্ফোরণ ঘটান। এতে প্রায় এক ঘণ্টা টোল আদায় বন্ধ থাকে। সেতুর দুই প্রান্তে আটকে পড়ে যানবাহন।
এ ঘটনায় করা মামলায় ২৫১ জনের নাম দেওয়া হয়েছে। এ ছাড়া অজ্ঞাত আরও ৬০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে। এজাহারের ২১৯ নম্বরে রয়েছে সামচু ঢালীর নাম।
সামচু ঢালীর ছেলে নাজমুল ঢালী বলেন, তার বাবা মারা যাওয়ার পরও তাকে মামলার আসামি করা হয়েছে। বিষয়টি অত্যন্ত বিস্ময়কর। একজন মৃত মানুষকে কীভাবে মামলার আসামি করা হলো, সেটিই তাদের প্রশ্ন।
এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে তার বাবার নাম মামলা থেকে বাদ দেওয়ার দাবি জানান তিনি।
মামলার বাদী এসআই আকরাম বলেন, “আমি শুধু নামেই মামলার বাদী। আসামিদের নামগুলো আমাকে দেওয়া হয়েছে। কারা কী করছে, বিষয়টি আপনারা বুঝতেই পারছেন। আসামির বাড়ি শিবচরে, অথচ আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি না। সেখান থেকেই নামগুলো এসেছে। কীভাবে নামগুলো এসেছে, তা আপনারা বুঝতেই পারছেন।”
এ বিষয়ে পদ্মা সেতু দক্ষিণ থানার ওসি মো. আব্দুস সালাম বলেন, “মামলায় এতসংখ্যক আসামির মধ্যে দু-একটি নাম ভুলবশত অন্তর্ভুক্ত হতে পারে। তদন্তে কারও বিরুদ্ধে অভিযোগের সত্যতা না পাওয়া গেলে বা ভুল করে নাম দেওয়া হয়েছে প্রমাণিত হলে তাঁদের বাদ দেওয়ার সুযোগ রয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”
তথ্যসূত্র: বিডিনিউজ