বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

গোপালগঞ্জে থমথমে পরিস্থিতি: সড়কে যান চলাচল বন্ধ

সোনার দেশ ডেস্ক ১৯ নভেম্বর ২০২৬ ১১:৩৮ পূর্বাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ১৯ নভেম্বর ২০২৬ ১১:৩৮ পূর্বাহ্ন
গোপালগঞ্জে থমথমে পরিস্থিতি: সড়কে যান চলাচল বন্ধ
গোপালগঞ্জ সড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা

গোপালগঞ্জে বুধবার রাত থেকে নতুন করে কোনো সহিংসতার ঘটনা না ঘটলেও পুরো জেলাজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। শহরের ভেতরের সড়কগুলোতে যান চলাচল একেবারেই কম এবং অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে।  বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর থেকে ঢাকা-খুলনা মহাসড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে অবরোধকারীরা। এতে মহাসড়ক দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে।


স্থানীয়রা জানান, আজ ভোর থেকেই গোপালগঞ্জ শহর ও অভ্যন্তরীণ সড়কে যান চলাচল খুবই কম। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছে না কেউ। শহরের দোকানপাট বন্ধ রয়েছে।


বুধবার থেকে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কোনো নিরাপত্তা চৌকি দেখা যায়নি। তবে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের অবস্থান লক্ষ্য করা গেছে।


এদিকে, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপালগঞ্জ জেলা শহরের থানাপাড়া এলাকায় গোপালগঞ্জ-২ আসনের বিএনপির সংসদ সদস্য ডা. কে এম বাবরের ক্লিনিক আরাফ ক্লিনিকে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় ক্লিনিকের আসবাবপত্র বাইরে বের করে তাতে আগুন দেওয়া হয়। এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়িত বলে অভিযোগ উঠেছে।

ডা. কে এম বাবর গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং ড্যাবের কেন্দ্রীয় নেতা।

কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদুল হকের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একই উপজেলার সাজাইল ইউনিয়ন জামায়াতের সভাপতি মাহাবুবুর রহমানের দোকানেও ভাঙচুর করা হয়েছে। এসব ঘটনায় কারা জড়িত, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

এছাড়া, মঙ্গলবার রাতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় আসামি গ্রেপ্তার করাকে কেন্দ্র করে থানায় অগ্নিসংযোগ করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তারা থানা থেকে আসামিদের ছিনিয়ে নেয় এবং পুলিশের অস্ত্র লুট করে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেলে টুঙ্গিপাড়া থানা পুলিশ নিষিদ্ধ ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মী ও সমর্থককে গ্রেপ্তার করে। ছাত্রলীগের নেতাকর্মীরা থানায় গিয়ে তাদের ছাড়িয়ে আনতে চায়। এ নিয়ে পুলিশের সঙ্গে তাদের বাগবিতণ্ডা হয়।

এক পর্যায়ে স্থানীয় টুঙ্গিপাড়া মসজিদ থেকে ঘোষণা দিয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংগঠিত হয়ে থানায় হামলা ও ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। তারা কম্পাউন্ডে থাকা পুলিশের গাড়ি, মোটরসাইকেল ও বাসভবনেও আগুন দেয়। পরে লকার ভেঙে আসামিদের ছিনিয়ে নেয় এবং পুলিশের অস্ত্র লুটে নেয়। পুলিশ তাদের মোকাবিলা করতে সাউন্ড গ্রেনেড, টিয়ার সেল ও রবার বুলেট নিক্ষেপ করে।

তথ্যসূত্র: রাইজিংবিডি