বাঘায় পেঁপের চারা কিনে প্রতারণার অভিযোগ, ৩২ বিঘা জমিতে কৃষকের সর্বনাশ
অনেক স্বপ্ন নিয়ে ৩২ বিঘা জমিতে পেঁপে চাষ শুরু করেছিলেন রাজশাহীর বাঘা উপজেলার কৃষক আব্দুল আওয়াল। উচ্চ ফলনশীল জাতের পেঁপের চারা কিনে ভালো লাভের প্রত্যাশা ছিল তাঁর। কিন্তু চারা রোপণের কয়েক মাস পরই দেখা দেয় বিপত্তি। গাছের স্বাভাবিক বৃদ্ধি হয়নি, ফলনও মিলছে না কাঙ্ক্ষিত মাত্রায়। যে ফল ধরেছে, সেগুলোও আকারে ছোট। অভিযোগ উঠেছে, উচ্চ ফলনশীল জাতের কথা বলে নিম্নমানের ও ভিন্ন জাতের চারা সরবরাহ করে তাঁর সঙ্গে প্রতারণা করা হয়েছে।
কৃষক আব্দুল আওয়াল বাঘা পৌরসভার পাকুড়িয়া এলাকার বাসিন্দা। চলতি মৌসুমে অধিক লাভের আশায় চকরাজাপুর ইউনিয়নের চর কালিদাস খালির মাঠে ৩২ বিঘা জমি লিজ নিয়ে পেঁপে চাষ শুরু করেন তিনি। প্রায় আট মাস আগে মোহনপুর উপজেলার কচিম উদ্দিন নামের এক নার্সারি ব্যবসায়ীর কাছ থেকে টপলেডি, শাহী, বাবু ও হাজারী জাতের পেঁপের চারা কেনেন। এসব চারা কিনতে তাঁর কয়েক লাখ টাকা ব্যয় হয়।
কৃষকের অভিযোগ, চারা রোপণের কয়েক মাস পর থেকেই গাছের অস্বাভাবিক বৃদ্ধি ও কম ফলনের বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে। গাছগুলো রোগা ও দুর্বল অবস্থায় রয়েছে। পাশাপাশি যে পরিমাণ ফলন পাওয়ার কথা ছিল, তার তুলনায় ফলন হয়েছে অনেক কম। ফলের আকারও প্রত্যাশার চেয়ে ছোট। এতে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তিনি। পরিস্থিতি সামাল দিতে বাধ্য হয়ে জমির প্রায় অর্ধেক পেঁপে গাছ কেটে ফেলেছেন।
কৃষক আব্দুল আওয়াল বলেন, “ভালো জাতের পেঁপের চারা দেওয়ার কথা বলে চারা নিয়েছিলাম। কিন্তু গাছ হওয়ার পর দেখি এগুলো অন্যরকম। এত টাকা খরচ করে এখন সব শেষ হয়ে গেছে।”
জমিতে নিয়মিত কাজ করা শ্রমিকদেরও অভিযোগ, চারা রোপণের পর থেকেই গাছগুলো রোগা ও দুর্বল ছিল। পরবর্তী সময়ে গাছ বড় হলেও স্বাভাবিক বৃদ্ধি হয়নি, ফলনও কম হয়েছে।
এক শ্রমিক বলেন, “চারা অবস্থাতেই গাছগুলো ভালো ছিল না। পরে গাছ বড় হলেও স্বাভাবিক বৃদ্ধি হয়নি, ফলনও কম হয়েছে।”
এদিকে চারা বিক্রির সময় নিজেদের বিশ্বাসযোগ্যতা বাড়াতে অন্য একটি নার্সারি প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে ক্যাশ মেমো দেওয়ার অভিযোগও উঠেছে। কৃষকের দাবি, একতা নার্সারির মালিক ওহিদুল হাজীর নাম ব্যবহার করে ওই ক্যাশ মেমো তৈরি করা হয়েছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয় কৃষকদের দাবি, শুধু আব্দুল আওয়াল নন, একই ব্যক্তির কাছ থেকে উচ্চ ফলনশীল জাতের পেঁপের চারা কিনে ক্ষতির মুখে পড়েছেন আরও কয়েকজন। তাঁদের মধ্যে রয়েছেন আলম, মোশাররফ, মিন্টু, লালন, সাহাবাজ, হানিফ, বকুল ও উজ্জল।
কৃষকদের অভিযোগ, চারা সরবরাহের ক্ষেত্রে কচিম উদ্দিনের সঙ্গে পিয়ার বলী ও হৃদয় নামের আরও দুই ব্যক্তির যোগসাজশ রয়েছে। তাঁদের মাধ্যমে চারা সংগ্রহ করে প্রতারিত হয়েছেন বলে দাবি করছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা।
এ বিষয়ে অতিরিক্ত উপজেলা কৃষি কর্মকর্তা নুসরাত জাহান ক্ষতিগ্রস্ত কৃষকদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
ভুক্তভোগী কৃষকদের দাবি, ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক এবং তাঁদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হোক।