মাথায় আঘাত পেয়ে ১৩ বছর পর স্মৃতিশক্তি ফিরে পেলেন বেবী
১৩ বছর পথে পথে কেটেছে তার জীবন। একসময় হারিয়ে ফেলেছিলেন নিজের পরিচয়। চিনতে পারতেন না মা-বাবা, ভাইবোন কিংবা পরিচিত কাউকে। রাজশাহী নগরের ফুটপাত আর সড়কের পাশেই ছিল তার ঠিকানা। রোদ-বৃষ্টি উপেক্ষা করে পড়ে থাকতেন এক জায়গায়। সঙ্গে থাকত কাপড় ও কম্বল বাঁধা একটি পুঁটলি। কাছে গেলেই তেড়ে আসতেন। কখনও ছুড়ে মারতেন ইট। স্বজনেরা বহুবার চেষ্টা করেও তাকে বাড়ি ফিরিয়ে নিতে পারেননি। অবশেষে চিকিৎসার পর স্মৃতি ফিরে পেয়েছেন ৪১ বছর বয়সী বেবী খাতুন। দীর্ঘ ১৩ বছর পর ফিরেছেন পরিবারের কাছে।
বেবী খাতুনের বাড়ি রাজশাহীর পবা উপজেলার কুখুন্ডি গ্রামে। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী, তার বাবার নাম মেহের মোল্লা। ১১ ভাইবোনের মধ্যে তিনি অষ্টম। ষষ্ঠ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন। জানেন সেলাইয়ের কাজও।
মুঠোফোনে বেবীর বড় বোন জিনাহার বেগম জানালেন, প্রায় ১৯ বছর আগে একই উপজেলার পারিলা গ্রামের সাইফুল ইসলামের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বেবীর। পরে দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ে হয়। কিন্তু বিয়ের মাত্র ছয় মাসের মাথায় সাইফুল তাকে তালাক দেন।
এরপর সাইফুলের বিরুদ্ধে মামলা করেন বেবী। আদালত তাকে কারাগারে পাঠান। কিন্তু সাইফুলকে ভুলতে পারেননি বেবী। কারাগারেও তার সঙ্গে দেখা করতে যেতেন। একপর্যায়ে সাইফুল মামলা তুলে নিতে অনুরোধ করেন। প্রতিশ্রুতি দেন, মামলা তুলে নিলে আবার স্ত্রী হিসেবে গ্রহণ করবেন। সেই আশ্বাসে মামলা তুলে নেন বেবী। কিন্তু কথা রাখেননি সাইফুল। তাকে আর ফিরিয়ে নেননি।
একসময় নিজেই সাইফুলের বাড়িতে যান বেবী। তখন সাইফুল পুলিশ ডাকেন। জিনাহার বেগমের অভিযোগ, পুলিশ তাকে মারধর করে সেখান থেকে তাড়িয়ে দেয়। এরপর থেকেই বেবীর আচরণে অস্বাভাবিকতা দেখা দেয়। ধীরে ধীরে মানুষকে চিনতে পারার ক্ষমতা হারিয়ে ফেলেন তিনি। এমনকি নিজের পরিবারের সদস্যদেরও চিনতে পারতেন না।
একসময় বাড়ি ছেড়ে বেরিয়ে পড়েন বেবী। স্বজনেরা পরে জানতে পারেন, রাজশাহী নগরের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছেন তিনি। কখনো সড়কের পাশে বসে থাকছেন। তাকে বাড়ি ফিরিয়ে নেওয়ার চেষ্টা করেছেন পরিবারের সদস্যরা। কিন্তু কাছে গেলেই আক্রমণাত্মক আচরণ করতেন। ফলে স্বজনদের সব চেষ্টা ব্যর্থ হয়।
প্রায় দুই বছর ধরে রাজশাহী নগরের বোয়ালিয়া থানার ঠিক পূর্ব পাশের একটি সড়কের ধারে বসে থাকতেন বেবী। স্থানীয় লোকজন তাকে প্রায় প্রতিদিনই দেখতেন। নিজের কাপড় ও কম্বল একটি পুঁটলিতে বেঁধে রাখতেন। প্রচণ্ড রোদ কিংবা ভারী বৃষ্টিতেও জায়গা বদলাতেন না। কখনো অজ্ঞাত এক নারীর উদ্দেশে চিৎকার করতেন। পথচারীদের দিকে ইটও ছুড়ে মারতেন। এতে ওই সড়ক দিয়ে চলাচলকারীরা অস্বস্তিতে পড়তেন।
তবে অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে তাকে আর ওই জায়গায় দেখা যাচ্ছিল না। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের দৈনিক মজুরিভিত্তিক কর্মী আলিয়া আক্তার প্রায় ২০ বছর ধরে হাসপাতালে ভর্তি হওয়া পরিচয়হীন রোগীদের দেখাশোনা করেন। তাদের পরিবারের সন্ধান বের করে স্বজনদের কাছে ফিরিয়ে দিতেও সহায়তা করেন। বেবীর বিষয়েও তিনি খোঁজখবর রাখছিলেন।
আলিয়া আক্তার জানালেন, তিনি জানতে পারেন, এক রিকশাচালক বেবীর মাথায় ইট ছুড়ে মেরেছিলেন। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে। পরে সেখানে সংক্রমণ দেখা দিলে শারীরিক অবস্থার অবনতি হয়। একপর্যায়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।
হাসপাতালে চিকিৎসা চলাকালে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন বেবী। একই সঙ্গে ফিরে আসে তাঁর স্মৃতিও। চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র নেওয়ার সময় ঘটে আরেক ঘটনা।
হাসপাতাল কর্তৃপক্ষ জানালো, পরিবারের কোনো সদস্য বা অভিভাবককে তার দায়িত্ব নিতে হবে। তখন বেবী নিজেই বাড়িতে যান। সঙ্গে নিয়ে আসেন দুই বোন জিনাহার বেগম ও সাবিনা বেগমকে। এরপর আবার হাসপাতালে ফিরে আসেন তারা। ছোট বোন সাবিনা বেগম হাসপাতালের রেজিস্টারে স্বাক্ষর করে বোনের দায়িত্ব নেন। গত ১১ নভেম্বর হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয় বেবীকে।
বেবীর চিকিৎসা করেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মনোরোগ বিভাগের চিকিৎসক জসিম উদ্দিন। তিনি বলেছেন, বেবীর স্মৃতি ফিরে পাওয়ার ঘটনাটি কাকতালীয়। মাথায় আঘাতের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।
চলচ্চিত্রে অনেক সময় দেখানো হয়, আঘাতের কারণে মানুষের স্মৃতি হারিয়ে যায়, আবার আরেকটি আঘাতে তা ফিরে আসে। বাস্তবে এমনটি ঘটে না উল্লেখ করে চিকিৎসক বললেন, বেবীর ক্ষেত্রে ঘটনাটি কাকতালীয়ভাবে ঘটেছে। চিকিৎসার মাধ্যমে তিনি সুস্থ হয়েছেন। একই সময়ে তার স্মৃতিও ফিরে এসেছে। মাথার আঘাতের কারণে স্মৃতি ফেরেনি।
১৩ বছর পর বেবীর এই ফিরে আসা শুধু হাসপাতাল থেকে বাড়ি ফেরার ঘটনা নয়। যে নারী একসময় নিজের স্বজনদের চিনতে পারতেন না, তিনিই এবার নিজে তাদের চিনে বাড়ি ফিরেছেন। দীর্ঘ বিচ্ছিন্নতার পর আবার যুক্ত হয়েছেন পরিবারের সঙ্গে। ফিরে পেয়েছেন হারিয়ে যাওয়া আপন ঠিকানা।