রাজশাহী টিটিসিতে দুদকের অভিযান, ভাতা ও কেনাকাটার নথি সংগ্রহ
প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ ভাতা আটকে রাখা এবং কেনাকাটায় অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে রাজশাহীর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত রাজশাহী টিটিসির অধ্যক্ষের কার্যালয়ে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল এ অভিযান পরিচালনা করে।
এ সময় বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি কেনাকাটা সংক্রান্ত বেশ কিছু নথিপত্র সংগ্রহ করেন দুদকের কর্মকর্তারা। অভিযান শেষে সাংবাদিকদের ব্রিফ করেন দুদকের সমন্বিত জেলা কার্যালয় রাজশাহীর সহকারী পরিচালক মো. তানভীর আহমেদ সিদ্দিকী।
তিনি বলেন, দুদকের প্রধান কার্যালয়ের নির্দেশক্রমে রাজশাহী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এক প্রশিক্ষণার্থীর অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রশিক্ষণ ভাতা আটকে রাখা এবং কেনাকাটায় অনিয়মের বিষয়গুলো যাচাই করা হয়েছে।
ভাতা প্রদান না করার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, সরকারি বরাদ্দ পাওয়ার পরিপ্রেক্ষিতে প্রশিক্ষণার্থীদের ভাতা দেওয়া হয়। কয়েকটি প্রশিক্ষণের ক্ষেত্রে বরাদ্দ না পাওয়া কিংবা বরাদ্দের অর্থের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় (ল্যাপস) ভাতা দেওয়া সম্ভব হয়নি। তবে পর্যায়ক্রমে এসব ভাতা পরিশোধ করা হচ্ছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
অভিযোগে কত টাকার অনিয়মের কথা উল্লেখ ছিল, এমন প্রশ্নের জবাবে দুদকের এই কর্মকর্তা বলেন, অভিযোগে নির্দিষ্ট কোনো টাকার অঙ্ক উল্লেখ করা হয়নি। মূলত প্রশিক্ষণার্থীদের ভাতা আটকে রাখা এবং প্রশিক্ষণের বিভিন্ন উপকরণ কেনাকাটায় কোনো অনিয়ম হয়েছে কি না, তা খতিয়ে দেখতেই তাঁরা এসেছেন।
তানভীর আহমেদ সিদ্দিকী আরও বলেন, রাজশাহী টিটিসিতে ওয়েল্ডিং ও কম্পিউটার অপারেশনসহ প্রায় ২১টি ট্রেড চালু রয়েছে। প্রতিটি ট্রেডের জন্য কেনাকাটায় নির্দিষ্ট পরিমাণ অর্থ বরাদ্দ থাকে। এসব কেনাকাটার প্রক্রিয়া যাচাই করা হয়েছে। এ-সংক্রান্ত বেশ কিছু রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে। নথিপত্র পর্যালোচনা করে পাওয়া তথ্যের ভিত্তিতে প্রধান কার্যালয়ে প্রতিবেদন পাঠানো হবে। পরবর্তী পদক্ষেপের বিষয়টি সেই প্রতিবেদনের ভিত্তিতে নির্ধারিত হবে।
এ বিষয়ে রাজশাহী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী মো. আব্দুর রহিম বলেন, টিটিসিতে বর্তমানে প্রায় ২১টি ট্রেডের প্রশিক্ষণ কার্যক্রম চলছে। গত কয়েক মাসে কয়েকটি ট্রেডের জন্য প্রয়োজনীয় বরাদ্দ পাওয়া যায়নি। এ কারণে সংশ্লিষ্ট প্রশিক্ষণার্থীদের ভাতা দেওয়া সম্ভব হয়নি। বরাদ্দ পাওয়া গেলে পর্যায়ক্রমে তাঁদের ভাতা পরিশোধ করা হবে।
তবে কেনাকাটায় অনিয়মের অভিযোগের বিষয়ে দুদকের সংগ্রহ করা নথিপত্র পর্যালোচনা শেষে কী তথ্য পাওয়া যায়, তা এখনো জানা যায়নি।