সার বিতরণে গাফিলতি বরদাশত করা হবে না: কৃষি সচিব
কৃষকের স্বার্থ সুরক্ষা এবং কৃষি উৎপাদন অব্যাহত রাখতে সার বিতরণ ব্যবস্থাপনায় কোনো ধরনের গাফিলতি, অনিয়ম কিংবা অবহেলা বরদাশত করা হবে না বলে কঠোর নির্দেশনা দিয়েছেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম খান। তিনি বলেন, সঠিক সময়ে সঠিক পরিমাণে সার কৃষকের হাতে পৌঁছে দেওয়া নিশ্চিত করতে পারলেই আমাদের দায়িত্ব সফলভাবে পালন করা হবে। সার বিতরণ ব্যবস্থাপনায় কোনো ডিলার দায়িত্ব পালনে অবহেলা বা অনিয়ম করলে তাৎক্ষণিকভাবে তার ডিলারশিপ বাতিলের ব্যবস্থা নেওয়া হবে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে রাজশাহী বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে বিভাগীয় কমিশনার কাজী মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে রাজশাহী অঞ্চলে কৃষক পর্যায়ে সার বিতরণ ব্যবস্থাপনা ও পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রণালয়ের পক্ষে সারের সার্বিক ব্যবস্থাপনার সাপ্লাই চেইনে সবচেয়ে বড় সমস্যা উত্তোলন ও অনুত্তোলন বিষয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্মসচিব (পিপিবি) কামরুল হাসান । এছাড়াও তিনি বলেন সাপ্লাই চেইন সুষ্ঠুভাবে পরিচালনা করতে নতুন সারের ডিলার নিয়োগ দেয়া হয়েছে।
কৃষি সচিব বলেন, উত্তরবঙ্গ বাংলাদেশের কৃষির অন্যতম গুরুত্বপূর্ণ হাব। এ অঞ্চলের কৃষি উৎপাদন ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে সারের সুষ্ঠু ব্যবস্থাপনা অত্যন্ত জরুরি। কৃষকের প্রয়োজন অনুযায়ী সার সরবরাহ নিশ্চিত করতে হবে। সার ডিলারদের মধ্যে এখন আর কোনো বিভাজন নেই; সবাই কৃষি মন্ত্রণালয়ের সার ডিলার। তাই প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।
তিনি আরও বলেন, সার মজুত ও বিতরণ কার্যক্রম সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে। সার মনিটরিং সেল সার্বক্ষণিক খোলা রয়েছে এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা নিয়মিত পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। অনেক ক্ষেত্রে বরাদ্দকৃত সার এখনো উত্তোলন করা হয়নি। যেসব ডিলারের নামে সার বরাদ্দ রয়েছে, তাঁদের দ্রুত সার উত্তোলন করে কৃষকের কাছে সরবরাহ নিশ্চিত করতে হবে। তিনি কৃষকদের পরিমিত ও সুষম সার ব্যবহারে উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করে বলেন, জমির উর্বরতা ও ফসলের চাহিদা অনুযায়ী সঠিক মাত্রায় সার প্রয়োগ করতে হবে। কৃষকদের মাটি পরীক্ষা ও ফসলভিত্তিক সুপারিশ অনুসারে সার ব্যবহারে সচেতন করতে হবে।
পরে বিকেল পৌনে চারটার দিকে পুঠিয়া উপজেলায় যাওয়ার পথে সার বিক্রয় কেন্দ্র পরিদর্শন করেন এবং রোপা আমন ধান কর্তন কর্মসূচিতে অংশ নেন কৃষি সচিব। এ সময় তিনি কৃষকদের সঙ্গে নমুনা শস্য কর্তন ও মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। মতবিনিময়কালে তিনি বলেন, কৃষির উন্নয়ন ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে কৃষকদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। রবি ও বোরো মৌসুমে পর্যাপ্ত সার সরবরাহের প্রতিশ্রুতি প্রদান করেন তিনি।
তিনি আরও বলেন, পরিবেশ বান্ধব উপায়ে সার ব্যবহার করতে হবে। সার সংকটের মিথ্যা প্রচারণায় আতংকিত না হওয়ার আহবান জানান তিনি।
সভায় উপস্থিত ছিলেন, কৃষিমন্ত্রীর একান্ত সচিব (যুগ্মসচিব) মো. খোরশেদ আলম, যুগ্মসচিব (সম্প্রসারণ) মোহাম্মদ এনামুল হক, যুগ্মসচিব (পিপিবি) কামরুল হাসান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম, কৃষি তথ্য সার্ভিসের পরিচালক মো. মসীহুর রহমান, কৃষি সম্পসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ড. মো. আজিজুর রহমান, সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ আতিকুর রহমান এবং উপসচিব (সার ব্যবস্থাপনা ও মনিটরিং) মুহাম্মদ শহিদ উল্লাহ। এ ছাড়া কৃষি বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিভাগীয় ও জেলা প্রশাসনের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় সার ডিলারদের প্রতিনিধিরাও অংশ নেন এবং সার সরবরাহ, বিতরণ ও মাঠ পর্যায়ের ব্যবস্থাপনা নিয়ে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।