নিয়ামতপুরে মজুদকৃত সার উদ্ধার, নায্যমূল্যে বিক্রি
নওগাঁর নিয়ামতপুরে অবৈধভাবে মজুতকৃত প্রায় ৫ হাজার বস্তা সার জব্দের পর তা সাধারণ কৃষকদের মাঝে নায্যমূল্যে বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে স্থানীয় প্রশাসনের মাধ্যমে নায্যমূল্যে বিক্রি শুরু হয়।
এর আগে বুধবার বিকেরে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের খড়িবাড়ি বাজারে অভিযান চালিয়ে পৃথক ৪ টি গুদাম থেকে এসব সার জব্দ করে উপজেলা প্রশাসন।
খড়িবাড়ি বাজারের আবুল কালাম আজাদের আলামিন টেডার্স থেকে ২১৪ বস্তা, নূরে আলম সিদ্দিকের সীমা এন্টারপ্রাইজ থেকে ১২শ বস্তা, বুলবুল আহম্মেদের বুলবুল টেডার্স থেকে ১২শ বস্তা এবং শহিদুল টেডার্সের স্বত্বাধিকারী শহিদুল ইসলামের গুদাম থেকে ২৫শ বস্তা সার উদ্ধার করে।
খড়িবাড়ি এলাকার কৃষক মাহিদুর রহমান বলেন, আমরা ফসল উৎপাদনের জন্য অনেক কষ্ট করে সার সংগ্রহ করতে হয়। আর সাধারণ ব্যবসায়ীরা কিভাবে এত বস্তা সার মজুত করে রাখে। এদের মতো ব্যবসায়ীর কারণে সাধারণ কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে।
উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, অভিযান চালিয়ে ৪ টি দোকানের গুদাম থেকে প্রায় ৫ হাজার বস্তা ইউরিয়া, ডিএপি ও পটাশ সার জব্দ করা হয়। সাধারণ কৃষকদের মাঝে সেগুলো বিক্রি করা হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুন বলেন, সাধারণ কৃষকদের জন্য বরাদ্দকৃত সার বাজারে অস্হিরতা তৈরির উদ্দেশ্যে মজুদ করা হয়েছে। জব্দকৃত সারগুলো নায্যমূল্যে কৃষকদের মাঝে বিক্রি করা হচ্ছে। বিক্রি করা অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।