পাবনা এক্সপ্রেসকে বরণ করল ঈশ্বরদীবাসী
অবশেষে দীর্ঘদিনের অপেক্ষা ও প্রত্যাশার পর পাবনা থেকে ঢাকা যাতায়াতের প্রথম আন্ত:নগর ট্রেন আনুষ্ঠানিকভাবে চালু হলো। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ নামে পাবনা-ঢাকা সরাসরি আন্তঃনগর রেল যোগাযোগের নতুন পথ উন্মোচিত হলো।
পাবনাতে উদ্বোধনের পর ট্রেনটি বিকেল সাড়ে ৫টার সময় ছেড়ে সরাসরি ঈশ্বরদী রেলওয়ে জংসন স্টেশনে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে এসে পৌঁছায়। ট্রেনটি ঈশ্বরদী স্টেশনে এসে পৌঁছুলে আনুষ্ঠানিকভাবে নতুন ট্রেনকে বরণ করে নেওয়া হয়।
ঈশ্বরদীবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব, পাবনা-৪ আসনের এমপি অধ্যাপক আবু তালেব মণ্ডল, ঈশ্বরদী পৌর বিএনপির আহবায়ক মাহ্বুবুর রহমান পলাশসহ স্থানীয় রাজনৈতিক-সামাজিক নের্তত্বস্থানীয়রা ট্রেনকে বরণ করে নেন।
এর আগে বিকেলে স্টেশনে আনন্দ মিছিল বের করেন ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির শত শত নেতা কর্মীরা। ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশন প্লাটফূেম নতুন ট্রেনের দ্বিতীয় দফার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বক্তব্য দেন। এসময় রেল মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, পাবনা সদরের এমপি অ্যাড. শামসুর রহমান শিমুল বিশ্বাস, রেল সচিব ফাহিমুল ইসলাম, রেলের মহাব্যবস্থাপক (ডিজি) আফজাল হোসেন, রেলওয়ে সদর দপ্তরের উপপরিচালক নাসির উদ্দিন, পশ্চিমাঞ্চল রেলের মহাব্যবস্থাপক আহমদ হোসেন মাসুম, প্রধান বাণিজ্যিক ব্যবস্থাপক আহসান উল্লাহ্ ভূঁইয়া, পাকশী বিভাগীয় রেলওযৈ ব্যবস্থাপক (ডিআরএম) আবু হেনা মোস্তফা আলম, ডিসিও হাসিনা খাতুনসহ রেলের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
নতুন ট্রেনের প্রথম টিকিট ক্রয়কারী ও প্রথম যাত্রী দূর্জয় ইসলাম লিমন বলেন, পাবনা থেকে রাজধানীর সঙ্গে সরাসরি রেল যোগাযোগের নতুন ট্রেনের প্রথম যাত্রী হিসেবে আমার অন্যরকম ভালো লাগছে। আমি ভীষন আনন্দিত।
এদিকে নতুন ট্রেনের উদ্বোধন উপলক্ষ্যে আগে থেকেই পাবনা ও ঈশ্বরদীতে সাজ সাজ রব পড়ে যায়। শহরে আনন্দ মিছিল ও মিষ্টি মুখ করতেও দেখা যায় অনেককে।
নতুন ট্রেনের নিয়মিত সময়সূচি অনুযায়ী, ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ প্রতিদিন সকাল ৮টায় পাবনা থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করবে। অন্যদিকে, ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ ঢাকা থেকে পাবনার উদ্দেশে ছেড়ে আসবে বেলা ৩টা ২৫ মিনিটে। নিয়মিত চলাচলের সময় ট্রেন দুটি ঈশ্বরদী, চাটমোহর, বড়ালব্রিজ, উল্লাপাড়া, শহীদ এম মনসুর আলী, টাঙ্গাইল, জয়দেবপুর ও ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি করবে।