বদলগাছীতে মাঠেই নষ্ট হচ্ছে ধান, শীতকালীন বিভিন্ন সবজি খেত
নওগাঁর বদলগাছী ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে দুদিনের টানা বৃষ্টিতে মাঠে মাঠে শত শত বিঘা কাটা ধান জমিতে ভেসে উঠেছে। এ ছাড়া পানি জমে সদ্য রোপণ করা আলু খেত বিনষ্টের আশঙ্কা বোধ করছে কৃষকেরা । শীতকালীন ফসল পেঁয়াজ, রসুন, গাজর, সরিষা, টমেটো, ফুলকপি ব্যাপক ক্ষতির মুখে পড়েছে।
উপজেলার ৮ ইউনিয়ন ঘুরে দেখা যায়, মাঠে মাঠে শত শত বিঘা কাটা ধান জমিতে পানি জমে ভেসে উঠেছে। নষ্ট হতে যাচ্ছে কৃষকের সোনালী স্বপ্ন। অগ্রহায়ণের এই সময়ে মাঠে মাঠে রোপা আমন ধান কাটার ধুম পড়েছিল। শতশত কৃষক ধান কেটে শুকানোর জন্য জমিতেই রেখেছিল। হঠাৎ করেই দুদিনের বৃষ্টিতে জমিতে পানি জমে কাটা ধান ভেসে উঠে। অনেকের ধান ডুবে থাকার কারণে অঙ্কুর গজানোসহ পচে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
অন্যদিকে যেসব কৃষক আগাম আলু, পেঁয়াজ, সরিষা ও শীতকালীন বিভিন্ন শাকসবজির আবাদ করেছে। তারা পড়েছে সব চেয়ে বড় বিপদে। জমিতে পানি জমে থাকায় আলু পেঁয়াজের বীজ মাটির নিচে পচে যাওয়ার উপক্রম হয়ে পড়েছে। বৃষ্টির কারণে ফুল কপিতে ছত্রাক জমে নষ্ট হচ্ছে জমিতে।
উপজেলার গোপালপুর গ্রামের হেলাল মেম্বার বলেন, সাড়ে ৩ বিঘা জমিতে আলু রোপণ করেছি, যদি গাছ না উঠে মারাত্মক ক্ষতির মুখে পড়তে হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান বলেন, বৈরী হাবহাওয়া আর দুদিনের গুড়িগুড়ি বৃষ্টিতে ২৮৫ হেক্টর জমির কাটা ধান, পেঁয়াজ, রসুন , আলুসহ বিভিন্ন ফসল আক্রান্ত হয়েছে। কোন জমির পানি নিষ্কাশন ড্রেন নেই। দ্রুত পানি নেমে গেলে তেমন ক্ষতি হবে না। নাহলে ধানসহ বীজ নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।