বগুড়ায় টানা বৃষ্টিতে আমন ও রবি ফসল বিনষ্টের শঙ্কা
মাঠজুড়ে সোনালি ধানের সমারোহ। বাম্পার ফলনের স্বপ্ন দেখছিলেন কৃষকরা। কিন্তু ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা দুই দিনের ভারী ও মাঝারি বৃষ্টিতে সেই স্বপ্নে নেমে এসেছে দুশ্চিন্তার ছায়া। বৃষ্টির পানিতে তলিয়ে গেছে জেলার বিভিন্ন এলাকার আধাপাকা ও পাকা আমন ধান; ভিজে গেছে জমিতে কেটে রাখা ধানের আঁটি। একই সঙ্গে জলাবদ্ধতা তৈরি হয়েছে চলতি রবি মৌসুমে রোপণ করা আগাম জাতের আলু, সরিষা, মরিচ, পেঁয়াজ, রসুন ও শীতকালীন শাকসবজির খেতে। এতে ফসলের গুণগত মান নষ্ট হওয়া, ফলন কমে যাওয়া এবং উৎপাদন খরচ বাড়ার আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন বগুড়ার কৃষকরা।
বৃষ্টিতে ক্ষেতের ফসল বিনষ্টের উপজেলাগুলো মধ্যে শিবগঞ্জ, নন্দীগ্রাম, আদমদিঘী শেরপুর, ধুনট, শাজাহানপুর, সারিয়াকান্দি, গাবতলী ও সোনাতলা।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, এ বছর আমন ধানের লক্ষ্যমাত্রা ১ লাখ ৮৪ হাজার ২৪৫ হেক্টর জমি। আর রবি মৌসুমে ১৮ হাজার ৩৪০ হেক্টর জমিতে বিভিন্ন জাতের সবজি চাষ হয়েছে। তবে টানা ২দিনের মাঝারি ধরনের বৃষ্টির পানিতে জেলার বিভিন্ন এলাকার কেটে রাখা আধাপাকা ও পাকা আমন ধান ভিজে গেছে জমির মধ্যে রয়েছে। আর সবজি চাষের ক্ষতিও হবেনা।
তবে আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে আপাতত আর বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তাই দুইদিনের বৃষ্টিতে ততটা ক্ষতিসাধন হবেনা। সেক্ষেত্রে পানিতে ডুবে থাকা ধান বাচাতে জমির পানি দ্রুত নিস্কাষনের ব্যবস্থা গ্রহনের পরামর্শ দেয়া হয়েছে কৃষকদের এমনটাই দাবী করেছেন কৃষি বিভাগ।
সরেজমিনে রবিবার (২২ নভেম্বর) জেলার নন্দীগ্রাম উপজেলার থালতা-মাঝগ্রাম ইউনিয়নের গোপালপুর, মধুকুড়ি এবং ৫ নম্বর ভাটগ্রাম ইউনিয়নের নিমগ্রামসহ বিভিন্ন এলাকার মাঠ ঘুরে দেখা যায়, বিস্তীর্ণ ফসলি জমি বৃষ্টির পানিতে ডুবে আছে। কোথাও আধাপাকা ধান, কোথাও পাকা ধান পানির নিচে; এমনকি কেটে রাখা ধানের আঁটিও জলে ভাসছে। কেউ পানি থেকে ধান তুলে আনছেন, আবার কেউ মাঠে পড়ে থাকা ফসল রক্ষায় ব্যস্ত সময় পার করছেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে নন্দীগ্রামে ১৯ হাজার ৫৪৫ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। ইতিমধ্যে প্রায় ৫০ শতাংশ ধান কাটা হয়েছে। অবশিষ্ট ধানের প্রায় ৯০ শতাংশ পেকে গেছে। এ সময়ে পুরোদমে ধান কাটা ও ঘরে তোলার কথা থাকলেও বৃষ্টিতে ব্যাহত হচ্ছে কৃষকদের স্বাভাবিক কার্যক্রম।
নন্দীগ্রামের কৃষক মোশারফ বলেন, দীর্ঘ সময় পানির নিচে ডুবে থাকলে কাটা ও পাকা ধানের গুণগত মান নষ্ট হওয়ার পাশাপাশি ফসলের ক্ষতির আশঙ্কা রয়েছে। মৌসুমের শুরু থেকে সার, বীজ, কীটনাশক ও শ্রমিকের পেছনে অর্থ ব্যয় করে ফসল ঘরে তোলার ঠিক আগমুহূর্তে এমন পরিস্থিতির মুখোমুখি হবেন, তা ভাবতে পারেননি তারা। একই সুরে কৃষক বুলু বলেন, এত কষ্ট করে ফলানো ফসল চোখের সামনে বৃষ্টির পানিতে নষ্ট হচ্ছে; ভেবেছিলেন ধান ঘরে তুলতে পারলে দেনা পরিশোধের পাশাপাশি পরিবারের খরচ মেটাবেন।
গোপালপুর গ্রামে আলুচাষি রঞ্জন চন্দ্র জানান, তিনি দুই বিঘা জমিতে আলু চাষ শুরু করেছেন। বৃষ্টির আগের দিন অর্ধেক জমিতে আলু রোপণ শেষ করেছিলেন। এরপর বৃষ্টিতে জমিতে পানি জমে যায়। পানি নিষ্কাশনের চেষ্টা করেও তেমন সুফল পাচ্ছেন না।
এদিকে আদমদীঘির কায়েতপাড়া গ্রামের কৃষক শফির উদ্দিন জানান, তিনি ৫৮ বিঘা জমিতে আমন ধানের আবাদ করেছেন, যার মধ্যে ১২ বিঘা জমির ধান কেটে রেখেছিলেন খড় শুকিয়ে মাড়াই করার আশায়। কিন্তু শুক্রবার থেকে টানা বৃষ্টিতে জমিতে পানি জমে কাটা ধান ভিজে গেছে এবং জমিতে থাকা অবশিষ্ট ধান বাতাসে হেলে পড়ে পানিতে ডুবে যাচ্ছে। এতে ফলন কমার পাশাপাশি ধান শুকানো ও মাড়াইয়ে অতিরিক্ত শ্রমিক খরচ গুনতে হবে বলে জানান তিনি।
আদমদীঘির সান্তাহার ইউনিয়নের কাশিমিলা গ্রামের কৃষক ফারুক মোল্লা জানান, কয়েক দিন আগে ১০ বিঘা জমিতে সরিষা রোপণ করেছেন; কিছু চারা গজালেও দুই দিনের বৃষ্টিতে পানি জমে গেছে। যেসব বীজ থেকে এখনো চারা গজায়নি সেগুলো ঠিকমতো গজাবে কি না এবং গজানো চারায় পচন ধরে কি না, তা নিয়ে উদ্বিগ্ন তিনি।
তার মতে, ওই মাঠের প্রায় ৫০০ থেকে ৬০০ বিঘা সরিষার আবাদ নিয়েই কৃষকরা শঙ্কিত। আদমদীঘি সদর ইউনিয়নের শালগ্রাম গ্রামের কৃষক আব্দুল গফুর বলেন, হঠাৎ জমে যাওয়া পানি সরে মাটি শুকাতে দেরি হলে রবি শস্য আবাদ শুরু করতে বিলম্ব হবে, যা সময়মতো জমি প্রস্তুত করতে না পারায় অনেক কৃষককে রবি চাষে নিরুৎসাহিত করতে পারে।
নন্দীগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা গাজিউল হক বলেন, ঘূর্ণিঝড়ের পূর্বাভাসের তথ্য কৃষকদের আগেই সতর্কতামূলকভাবে জানানো হয়েছে এবং ধান পেকে গেলে দ্রুত কেটে ঘরে তোলার পরামর্শ দেওয়া হয়েছে; ইতোমধ্যে প্রায় ৫০ শতাংশ ধান কর্তন করা হয়েছে। বৃষ্টির কারণে আলু ও সরিষা চাষের কার্যক্রম কিছুটা পিছিয়ে যেতে পারে উল্লেখ করে তিনি বলেন, তবে আবহাওয়া দ্রুত ভালো হলে কৃষকদের সম্ভাব্য ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটাই কম হবে।
এ বৃষ্টিতে কৃষকদের কি ধরনের ক্ষতিসাধন হবে জানতে চাইলে বগুড়া জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সোহেল মো. শামসুদ্দিন ফিরোজ বলেন, আমরা জেলার শিবগঞ্জ উপজেলাসহ বিভিন্ন উপজেলায় খোঁজখবর নিয়েছি। বগুড়া যে পরিমাণ বৃষ্টিপাত হয়েছে, তাতে কৃষকদের অতটা ক্ষতি সাধন হবেনা।” তাছাড়া পানিতে ডুবে থাকা ধান ও সবজির ক্ষেত রক্ষার্থে জমিতে জমা থাকা পানি দ্রুত নিস্কাষনের ব্যবস্থা গ্রহনের পরামর্শ দেয়া হয়েছে।
অন্যদিকে, ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে গত দুই দিন ধরে মাঝারি ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়। এ বৃষ্টির পাশাপাশি বেড়েছে শীতের তীব্রতা, যাতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা ও কর্মজীবী মানুষের আয়-রোজগার।