গোমস্তাপুরে ৬৭ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা অর্থদণ্ড
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বৈধ কাগজপত্র ছাড়া পরিবহনের সময় ৬৭ বস্তা সারসহ একটি মাহিন্দ্র পিকআপ আটক করেছে পুলিশ। শনিবার (২১ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে পুলিশের একটি টহলদল রহনপুর-আড্ডা সড়কের বংপুর এলাকা থেকে পিকআপসহ সার আটক করা হয়।
এ ঘটনায় জাহাঙ্গীর আলম (৪০) নামে এক ব্যক্তিকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার জিল্লুর রহমান এই অর্থদণ্ড প্রদানসহ সার গোমস্তাপুর উপজেলা কৃষি বিভাগের জিম্মায় দেন।
গোমস্তাপুর থানার ওসি নাজমুল হক ও উপজেলা কৃষি বিভাগ জানায়, শনিবার রাতে রহনপুর-আড্ডা সড়কের বংপুর এলাকায় গোমস্তাপুর থানা পুলিশের একটি দল টহল দিচ্ছিলেন। ওই সময় আড্ডা থেকে রহনপুরগামী একটি মাহিন্দ্র পিকআপ যাওয়ার সময় তল্লাশি করা হয়। এ সময় গাড়ি থেকে ৬২ বস্তা ডিএপি ও পাঁচ বস্তা ইউরিয়া সার উদ্ধার করা হয়। আটক করা হয় শিবগঞ্জ উপজেলার বালুরচর গ্রামের জাহাঙ্গীর আলম ও পিকআপচালক আলম আলিকে।
তাদের দাবি, নওগাঁর সাপাহার উপজেলার দিঘার বাজার থেকে সার নিয়ে শিবগঞ্জ উপজেলায় নিয়ে যাচ্ছিলেন। তবে তারা সার পরিবহনের বৈধ কাগজপত্র দেখাতে পারেন নি। পরে সারসহ পিকআপ গাড়িটি রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রে নেওয়া হয়। ওইখানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার জিল্লুর রহমান জাহাঙ্গীর আলমকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদানসহ সার গোমস্তাপুর উপজেলা কৃষি বিভাগের অতিরিক্ত কৃষি কর্মকর্তা হাসান আতিকুর রহমানের জিম্মায় দেন।