বাঘায় দেড় বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
রাজশাহীর বাঘায় যৌতুক নিরোধ আইনের মামলায় এক বছর ছয় মাসের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. মাসুদ রানা ওরফে বাবু (৩৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২২ নভেম্বর) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাঘা পৌরসভার মিলিকবাঘা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাসুদ রানা মিলিকবাঘা গ্রামের রেজাউল ইসলামের ছেলে। পুলিশ জানায়, যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় বিচারিক কার্যক্রম শেষে বিজ্ঞ আদালত তাকে এক বছর ছয় মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। একই সঙ্গে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এরপর থেকেই গ্রেপ্তার এড়াতে তিনি আত্মগোপনে ছিলেন।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল ইসলাম জানান, অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।