সোমবার, নভেম্বর ২৩, ২০২৬

শিশুকে বাঁচাতে নিজ গাড়িবহরে হাসপাতালে ছুটলেন হুইপ দুলু, তবুও বাঁচানো গেল না

নাটোর প্রতিনিধি ২২ নভেম্বর ২০২৬ ০৯:৫৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নাটোর প্রতিনিধি ২২ নভেম্বর ২০২৬ ০৯:৫৪ অপরাহ্ন
শিশুকে বাঁচাতে নিজ গাড়িবহরে হাসপাতালে ছুটলেন হুইপ দুলু, তবুও বাঁচানো গেল না

নাটোরের নলডাঙ্গায় পানিতে ডুবে সাদিপ হোসেন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটিকে বাঁচাতে পরিবারের সদস্যদের আহাজারি দেখে মানবিক উদ্যোগ নেন নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। নিজ গাড়িবহরে শিশুটিকে দ্রুত নাটোর সদর হাসপাতালে নিয়ে যান তিনি। তবে চিকিৎসকদের আপ্রাণ চেষ্টার পরও শেষ পর্যন্ত শিশুটিকে বাঁচানো সম্ভব হয়নি।


রোববার (২২ নভেম্বর) দুপুর ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সাদিপ হোসেন নলডাঙ্গা উপজেলার সাখারীপাড়া গ্রামের বকুল হোসেনের ছেলে।


জানা যায়, নলডাঙ্গা থেকে নাটোরে ফেরার পথে সড়কে শিশুটিকে নিয়ে পরিবারের সদস্যদের কান্নাকাটি করতে দেখেন হুইপ দুলু। শিশুটির শারীরিক অবস্থা আশঙ্কাজনক বুঝতে পেরে এক মুহূর্ত দেরি না করে নিজের গাড়িতে তুলে দ্রুত নাটোর সদর হাসপাতালে নিয়ে যান তিনি। সেখানে চিকিৎসকরা শিশুটিকে বাঁচাতে দীর্ঘক্ষণ চেষ্টা চালান। কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে মৃত্যুর কোলে ঢলে পড়ে শিশুটি।


এদিকে শিশুটিকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করেও শেষ পর্যন্ত ব্যর্থ হওয়ায় পরিবারের সদস্যদের পাশাপাশি আবেগাপ্লুত হয়ে পড়েন হুইপ দুলুও।


হুইপ দুলু জানান, নলডাঙ্গায় গ্রামের বাড়িতে একটি কর্মসূচি শেষে নাটোরে ফেরার পথে রাস্তায় শিশুটিকে নিয়ে পরিবারের সদস্যদের আহাজারি করতে দেখেন তিনি। শিশুটির অবস্থা গুরুতর মনে হওয়ায় দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন। কিন্তু চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও শিশুটিকে বাঁচানো সম্ভব হয়নি।