সোমবার, নভেম্বর ২৩, ২০২৬

মা ও ছেলেকে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

নাটোর প্রতিনিধি ২২ নভেম্বর ২০২৬ ০৯:৫৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নাটোর প্রতিনিধি ২২ নভেম্বর ২০২৬ ০৯:৫৫ অপরাহ্ন
মা ও ছেলেকে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

নাটোরে মা ও শিশুসন্তানকে গলা কেটে হত্যা এবং বাবাকে কুপিয়ে হত্যাচেষ্টার দায়ে মো. শাহ আলম (৩০) নামের এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।


মামলার আরেকটি ধারায় তাকে ১০ বছরের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।


এছাড়া মামলার অপর আসামি মো. সোহাগকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় পলাতক আসামি মো. মিন্টুকে খালাস দিয়েছেন আদালত।


রোববার (২২ নভেম্বর) দুপুরে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. সাইফুল ইসলাম এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত মো. শাহ আলম নাটোর সদর উপজেলার দস্তানাবাদ কুমারদহ এলাকার বাসিন্দা ও মামলার বাদী মো. শাহাদৎ সর্দারের ছেলে। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত মো. সোহাগ একই এলাকার মো. আশরাফের ছেলে।


মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, দস্তানাবাদ কুমারদহ এলাকার বীজ ব্যবসায়ী শাহাদৎ সর্দারের ছেলে শাহ আলম মাদকাসক্ত ছিলেন। নেশার টাকার জন্য তিনি প্রায়ই জমি বিক্রি করতে পরিবারকে চাপ দিতেন। বাবা একবার আট শতাংশ জমি বিক্রি করে টাকা দিলেও তার চাপ থামেনি।


২০১৭ সালের ১৯ নভেম্বর সন্ধ্যায় শাহ আলম তার মা বিলকিস বেগম এবং নিজের ১১ বছর বয়সি ছেলে মো. আলিফ হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করেন। ওই সময় বাবা শাহাদৎ সর্দার রাজশাহীর ঝলমলিয়া হাট থেকে বাড়ি ফিরে ফটকে ডাকাডাকি করলে শাহ আলম ধারালো দা নিয়ে ধাওয়া করে তাকেও কুপিয়ে গুরুতর জখম করেন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে তিনি প্রাণে বেঁচে যান।


এ ঘটনায় শাহাদৎ সর্দার বাদী হয়ে নাটোর সদর থানায় ছেলে শাহ আলমের বিরুদ্ধে স্ত্রী ও নাতিকে হত্যার অভিযোগে মামলা করেন। পুলিশ শাহ আলমকে গ্রেফতার করে কারাগারে পাঠায়। তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দিলে দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে রোববার আদালত এ রায় দেন


নাটোর জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) রুহুল আমিন তালুকদার টগর বলেন, রায় ঘোষণার সময় আসামি শাহ আলম ও সোহাগ আদালতে উপস্থিত ছিলেন। বিচারকের এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।