৪০ হাজার বছর পরেও মহাকাশে ঘুরে বেড়াবে নাসার ভয়েজার-১!
১৯৭৭ সালের সেপ্টেম্বর মাসে যাত্রা শুরু হয়েছিল। গত ১৮ নভেম্বর পৃথিবী থেকে এক আলোকদিন দূরে পৌঁছেছে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসার তৈরি মহাকাশযান ভয়েজার-১। সৌরজগতের চৌম্বকক্ষেত্র ছাড়িয়ে সেটি অনেক আগেই বেরিয়ে গিয়েছিল। এখন বিচরণ করছে অসীম আন্তঃনাক্ষত্রিক জগতে। বিজ্ঞানীদের দাবি, ৩০-৪০ হাজার বছর পরেও মহাকাশে টিকে থাকতে পারে নাসার এই ভয়েজার-১। হয়তো তখন পৃথিবীর সঙ্গে তার কোনও যোগাযোগ থাকবে না। তবে মানুষের তৈরি যন্ত্র হিসেবে সে সুদূর পৃথিবীর প্রতিনিধিত্ব করতে থাকবে অচেনা গ্রহ-নক্ষত্রদের দুনিয়ায়!
আলোর গতি এক সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার। সেই হিসেবে আলো ২৪ ঘণ্টায় যে দূরত্ব অতিক্রম করে, প্রায় অর্ধশতাব্দীর চেষ্টায় ভয়েজার-১ সেই দূরত্বে পৌঁছেছে। ১৮ তারিখ ভারতীয় সময় বিকেল ৩টে ৪৬ মিনিটে পৃথিবী থেকে ২৫৯০ কোটি কিলোমিটার দূরে চলে গিয়েছে সেটি। মানুষের তৈরি আর কোনও যন্ত্র বা যান এর আগে কখনও এত দূরে যেতে পারেনি। সেই কারণেই ভয়েজার-১-এর মাইলফলকটি নাসার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
নাসা জানিয়েছে, পৃথিবী থেকে এখন কোনও রেডিয়ো সঙ্কেত পাঠানো হলে তা ভয়েজার-১-এ পৌঁছোবে ঠিক ২৪ ঘণ্টা পর। আবার, ভয়েজার-১ থেকে ওই সঙ্কেতের জবাব আসতেও ২৪ ঘণ্টা সময় লাগবে। অর্থাৎ, সঙ্কেত আদানপ্রদান সম্পন্ন হতে দু’দিন লেগে যাবে।
তথ্যসূত্র: আনন্দবাজার অনলাইন