সোমবার, নভেম্বর ২৩, ২০২৬

কোনো নভশ্চরের সাহায্য ছাড়াই মহাকাশে সফল ভাবে অ্যান্টেনার অংশ বানিয়ে ফেলল রোবট!

সোনার দেশ ডেস্ক ২০ নভেম্বর ২০২৬ ০১:০৫ অপরাহ্ন বিজ্ঞান ও প্রযুক্তি
সোনার দেশ ডেস্ক ২০ নভেম্বর ২০২৬ ০১:০৫ অপরাহ্ন
কোনো নভশ্চরের সাহায্য ছাড়াই মহাকাশে সফল ভাবে অ্যান্টেনার অংশ বানিয়ে ফেলল রোবট!
— প্রতীকী চিত্র।

এক বছরও সময় নেয়নি। গত মার্চে মহাকাশে পাঠানো হয়েছিল। আট মাসের মধ্যেই জানা গেল সে ‘সফল’। বানিয়ে ফেলল রিফ্লেক্টর অ্যান্টেনার (মহাকাশ থেকে বিভিন্ন সংকেত এবং তথ্য সংগ্রহের জন্য ব্যবহৃত যন্ত্র) একটি অংশ। তা-ও কোনও মহাকাশচারীর সাহায্য না নিয়েই। গবেষকদের দাবি, মহাকাশ অভিযানের ক্ষেত্রে কোনও রোবটের এমন কীর্তি এই প্রথম।


রোবটটি তৈরি করেছেন আমেরিকার ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজির গবেষকেরা। নাম রাখা হয়েছে ‘অটোনমাস ইন-স্পেস টেনশনড রিফ্লেক্টর অ্যাসেম্বলি’, সংক্ষেপে ‘অ্যাস্ট্রা’। এই রোবটের উপর বাজি ধরেছিল মার্কিন প্রশাসনও। গবেষণার জন্য যাবতীয় খরচ জুগিয়েছে আমেরিকার প্রতিরক্ষা গবেষণা সংস্থা ‘ডিফেন্স অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্টস এজেন্সি’ (ডার্পা)।


গত ৩০ মার্চ স্পেস এক্সের ‘ট্রান্সপোর্টার-১৬ রাইডশেয়ার’ মিশনে মহাকাশে পাঠানো হয় ‘অ্যাস্ট্রা’কে। মার্কিন সংস্থা মোমেন্টাসের তৈরি ‘ভিগোরাইড ৭’ মহাকাশযানে চড়ে এটি পাড়ি দেয়। পৃথিবীর নিম্ন কক্ষপথে (ভূ-পৃষ্ঠ থেকে ১৬০-২০০০ কিলোমিটার উচ্চতা) একটি রিফ্লেক্টর অ্যান্টেনা তৈরির জন্য পাঠানো হয়েছিল রোবটটিকে। পুরো কাজ সম্পূর্ণ করতে না পারলেও, অ্যান্টেনার একটি অংশ সফল ভাবে তৈরি করে ফেলেছে ‘অ্যাস্ট্রা’। যা মহাকাশ গবেষণার ক্ষেত্রে এক নতুন অধ্যায় শুরু করার শামিল বলে মনে করছেন বিজ্ঞানীরা।


মহাকাশে পাঠানো রোবটের এই সাফল্যের কথা গত ৫ নভেম্বর প্রকাশ্যে আনে ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি। গবেষণার নেতৃত্ব দেন প্রতিষ্ঠানের মহাকাশ ও প্রযুক্তি বিভাগের অধ্যাপক সার্জিও পেলেগ্রিনো। তাঁর কথায়, “এই প্রথম বার মহাকাশে কোনও রোবট নিজে থেকে একটি কাঠামো তৈরি করল।” যদিও এ কাজ সম্পূর্ণ একা একা করেনি সে। সঙ্গে কোনও মহাকাশচারী ছিলেন না ঠিকই, কিন্তু পৃথিবী থেকে সময়ে সময়ে প্রয়োজনীয় ‘ইনপুট’ দেওয়া হচ্ছিল রোবটটিকে।


এই গবেষণার জন্য ‘অ্যাস্ট্রা’র মতোই আরও একটি রোবট তৈরি রাখা ছিল পৃথিবীতে থাকা গবেষণাগারে। মহাকাশে কোনও কাজ করতে গিয়ে রোবটটি সমস্যায় পড়লে, পৃথিবীতে থাকা রোবটটি ব্যবহার করে সেই সমস্যার সমাধানসূত্র খোঁজার চেষ্টা করতেন বিজ্ঞানীরা। কোন জায়গায় সমস্যা হচ্ছে তা পৃথিবীতে থাকা রোবটটির উপর পরীক্ষা করে বুঝে নিয়ে, সেইমতো নতুন ‘ইনপুট’ পাঠানো হত মহাকাশে থাকা রোবটকে। তবে কাজটি মোটেও সহজ ছিল না। কারণ, সব সময় মহাকাশযানে থাকা রোবটটির সঙ্গে যোগাযোগ করা সম্ভব হত না। পৃথিবী থেকে দিনে মাত্র সাত-আট বার যোগাযোগ করা যেত ‘অ্যাস্ট্রার’ সঙ্গে। তা-ও খুব কম সময়ের জন্য। এক বার যোগাযোগ হলে, তা মোটামুটি ১৫ মিনিটের জন্য থাকত। তার পর আবার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেত।


গবেষণামূলক এই মহাকাশ অভিযানের লক্ষ্য ছিল রোবটটিকে দিয়ে হালকা টিউব এবং অ্যালুমিনিয়ামের উপকরণ ব্যবহার করে ১.৪ মিটার চওড়া একটি রিফ্লেক্টর অ্যান্টেনা তৈরি করা। সেইমতোই রোবটটিকে ডিজ়াইন করা হয়েছিল। কিন্তু ডিসেম্বরেই এই গবেষণামূলক অভিযান শেষ হওয়ার কথা। তাই বাকি সময়ের মধ্যে পুরো অ্যান্টেনা তৈরি হয়ে যাবে— এমন আশা করছেন না গবেষকেরা। তবে এই গবেষণা দেখিয়ে দিয়েছে, পেলেগ্রিনো এবং তাঁর সহযোগীরা যে ভাবনা থেকে রোবটটি পাঠিয়েছিলেন— অর্থাৎ, মহাকাশচারীর সাহায্য ছাড়াই রোবটকে দিয়ে কাজ করানো, তা বাস্তবেও সম্ভব।


আগামী দিনের মহাকাশ অভিযান এবং গবেষণার ক্ষেত্রে ‘অ্যাস্ট্রার’ এই সাফল্য উল্লেখযোগ্য। কারণ, এটি ভবিষ্যতের মহাকাশ অভিযানের ক্ষেত্রে এক নতুন সম্ভাবনাময় দিক খুলে দিয়েছে। মহাকাশ গবেষণায় অগ্রগতির সঙ্গে সঙ্গে বড় আকারের যন্ত্রপাতিও মহাকাশে পাঠানোর প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। কিন্তু রকেটে যন্ত্রপাতির জন্য কতটা জায়গা ধরবে, তা নিয়ে একটা সমস্যা রয়েই গিয়েছে। এখন বড় আকারের কোনও বৈজ্ঞানিক যন্ত্রপাতি মহাকাশে পাঠানোর ক্ষেত্রে বেশ কিছু সীমাবদ্ধতা রয়েছে। সেই বড় যন্ত্রকে গুটিয়ে বা ভাঁজ করে বা আলাদা আলাদা ভাবে মহাকাশে নিয়ে যেতে হচ্ছে। তার পরে নির্দিষ্ট কক্ষপথে পৌঁছে তা খুলে দিতে হচ্ছে। কিংবা মহাকাশচারীদের দিয়ে আলাদা আলাদা ওই যন্ত্রাংশগুলিকে জুড়তে হচ্ছে।


গবেষকদলের প্রধান পেলেগ্রিনোর কথায়, “যখন মহাকাশ গবেষণার যন্ত্রপাতি এমন একটা পর্যায়ে পৌঁছে যায় যে সেগুলিকে আর পৃথিবীতে আগে থেকে তৈরি করে রাখা যায় না, তখন ভাবতে হয় কী ভাবে তা মহাকাশে তৈরি করা যায়। এত অল্প সময়ের মধ্যে এমন জটিল একটি প্রযুক্তি তৈরি করা আমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ ছিল।”


‘অ্যাস্ট্রা’কে দিয়ে মহাকাশে যন্ত্রাংশ তৈরি করানোর এই গবেষণাটির বেশ কিছু সীমাবদ্ধতা ছিল। গবেষণার মূল লক্ষ্যও পূরণ হয়নি। তবুও এর সাফল্য মহাকাশে গিয়ে কোনও যন্ত্রাংশ তৈরি করার ক্ষেত্রে এক নতুন সম্ভাবনার ইঙ্গিত দেয়।


তথ্যসূত্র: আনন্দবাজার অনলাইন