মানব বিবর্তনের প্রচলিত ধারণা পাল্টে দিচ্ছে ৩০ লক্ষ বছরের পুরনো জীবাশ্ম!
আজ থেকে প্রায় তিন লক্ষ বছর আগে আবির্ভাব হয় আধুনিক মানুষের (হোমো সেপিয়েন্স)। তার বহু আগে থেকে পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছিল আদিমানবের বিভিন্ন প্রজাতি (সে সবই এখন বিলুপ্ত)। তারও আগে ছিল বিভিন্ন প্রজাতির হোমিনিন, যারা হোমো গণের নয়। তারা ছিল বানর এবং মানুষের মধ্যবর্তী পর্যায়ের প্রাণী। সেই মধ্যবর্তী পর্যায় নিয়ে এত দিনের ধারণাকে প্রশ্নের মুখে ফেলে দিল সাম্প্রতিক এক গবেষণা।
প্রায় ১০২ বছর আগে, ১৯২৪ সালে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ থেকে ৪০০ কিলোমিটার দূরে মিলেছিল একটি মাথার খুলি। আদিমানবের প্রজাতিগুলির চেয়ে সেটি তুলনায় অনেকটা ছোট। গড়নও আলাদা। আবার বানর বা এপ প্রজাতিগুলির চেয়েও ছিল গড়নে ফারাক। এলাকার নাম থেকে বিজ্ঞানীরা খুলিটির নাম রেখেছিলেন ‘তাউং চাইল্ড’। আদিম হোমিনিন প্রজাতি ‘অস্ট্রালোপিথেকাস আফ্রিকানাসের’ একটি আদর্শ নমুনা বলে ধরা হয় এই মাথার খুলিটিকে। এটি আনুমানিক ৩০ লক্ষ বছরের পুরনো। পরবর্তী সময়ে ওই এলাকায় পাওয়া সমসাময়িক জীবাশ্মগুলিকে ওই একই আদিম প্রজাতির বলে ধরে নেওয়া হয়েছিল। কিন্তু নতুন গবেষণায় দেখা গেল, তা ভুল।
ভ্রিজে ইউনিভার্সিটি ব্রাসেলসের অধ্যাপক গ্যাব্রিয়েল মাচো এবং তাঁর সহযোগীরা ওই জীবাশ্মগুলি নিয়ে গবেষণা চালান। তাতে দেখা যায়, ‘অস্ট্রালোপিথেকাস আফ্রিকানাস’ প্রজাতির বলে মনে করা হত এমন অনেক জীবাশ্ম আসলে ভিন্ন ভিন্ন প্রজাতির প্রাণীর হতে পারে। সম্প্রতি ‘নেচার’ জার্নালে তাঁদের গবেষণাটি প্রকাশিত হয়েছে।
গ্যাব্রিয়েলেরা ওই এলাকায় পাওয়া জীবাশ্মগুলির দাঁতের গড়ন বিশ্লেষণ করে দেখেছেন। পাশাপাশি ওই প্রাণীগুলি বেড়ে ওঠার সময়ে তাদের মস্তিষ্ক এবং দাঁতের বিকাশ কী ভাবে হয়েছে, তা-ও জীবাশ্ম থেকে বোঝার চেষ্টা করেছেন। তাতেই ধরা পড়ে অসঙ্গতি। এমন বেশ কিছু প্রাপ্তবয়স্ক প্রাণীর জীবাশ্মকে তাঁরা চিহ্নিত করেন, যা এত দিন ‘অস্ট্রালোপিথেকাস আফ্রিকানাসের’ বলে ধরে নেওয়া হত। কিন্তু ‘তাউং চাইল্ডের’ বিকাশের ধরনের সঙ্গে সেগুলির কোনও মিল পাওয়া যায়নি। বিশেষ করে মস্তিষ্কের বিকাশের ক্ষেত্রে উল্লেখযোগ্য ফারাক ধরা পড়েছে। যা ইঙ্গিত দেয়, দক্ষিণ আফ্রিকার ওই অঞ্চলে হয়ত একাধিক হোমিনিন প্রজাতি বসবাস করত। হতে পারে একই সময়কালে ভিন্ন ভিন্ন প্রজাতি বাস করত, কিংবা আলাদা আলাদা সময়ে।
এমন একটি সম্ভাবনা উঠে আসায় বিস্মিত গবেষকদলের প্রধান গ্যাব্রিয়েলও। তিনি বলেন, “টাউং চাইল্ড সমসাময়িক একই ধরনের জীবাশ্মগুলির প্রতিনিধিত্ব করে—১০০ বছরেরও বেশি সময় ধরে আমরা এটাই মনে করতাম। কিন্তু এই গবেষণা ধারণাটি সম্পূর্ণ বদলে দিয়েছে। মানব বিবর্তনের বংশলতিকা কোনও সরলরৈখিক হিসেবে বিশ্লেষণ করা যায় না। এটা জলবায়ু পরিবর্তনের সঙ্গে সঙ্গে তৈরি হওয়া জটিল ও এলোমেলো ঝোপের মতো।” অর্থাৎ, বানর থেকে সরাসরি কোনও একটি হোমিনিন এবং তা থেকে কোনও একটি হোমো গণ এসেছে— এমনটা বলা যাবে না। বরং, আলাদা আলাদা হোমিনিন জনগোষ্ঠী আলাদা আলাদা ভাবে বিবর্তিত হতে পারে বলেই মত গ্যাব্রিয়েলদের।
এ ক্ষেত্রে হোমিনিন এবং মানবপ্রজাতির বিবর্তনে জলবায়ু পরিবর্তনও একটি বিশেষ প্রভাব ফেলে থাকতে পারে বলে মনে করছেন গবেষকেরা। কারণ, ‘তাউং চাইল্ড’ বা ‘অস্ট্রালোপিথেকাস আফ্রিকানাসেরা’ যে পরিবেশে বাস করত, তা ছিল এখনকার দক্ষিণ আফ্রিকার পরিবেশের চেয়ে অনেক বেশি আর্দ্র। গাছপালাও বেশি ছিল। জীবাশ্ম হয়ে যাওয়া পরাগরেণু বিশ্লেষণ করে এমনটাই তথ্য উঠে এসেছে। যা ইঙ্গিত দেয়, লক্ষ লক্ষ বছর ধরে ওই অঞ্চলের জলবায়ু পর্যায়ক্রমে কখনও শুষ্ক, কখনও আর্দ্র হয়েছে। সঙ্গে বনভূমির আয়তনও কখনও বেড়েছে, কখনও কমেছে। জলবায়ু এবং বনাঞ্চলের এই পরিবর্তনের সঙ্গে সঙ্গে হোমিনিন জনগোষ্ঠীগুলিও একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে, বা আলাদা ভাবে বিবর্তিত হয়ে থাকতে পারে বলে অনুমান গবেষকদের।
উল্লেখ্য, ‘তাউং চাইল্ড’ আবিষ্কারের পর একটি দীর্ঘ সময় ধরে মনে করা হত অস্ট্রালোপিথেকাস আফ্রিকানাসরাই ছিল আদিমানবের সরাসরি পূর্বসূরি। তবে সেই ধারণা নিয়ে প্রশ্ন উঠে যায় পাঁচ দশক আগেই। ১৯৭৪ সালে আফ্রিকা মহাদেশের পূর্ব প্রান্তে ইথিওপিয়ায় খননকার্য চলাকালীন একটি জীবাশ্ম পাওয়া গিয়েছিল। সেটি ছিল ৩২ লক্ষ বছরের পুরানো। তবে সেটি অস্ট্রালোপিথেকাস আফ্রিকানাসদের ছিল না। দাবি করা হয়, সেটি ভিন্ন এক প্রজাতির— অস্ট্রালোপিথেকাস আফারেনসিসের। ২০০৯ সালে আরও কিছু জীবাশ্মের খোঁজ পাওয়া যায় আফ্রিকা মহাদেশে। সেটি ছিল আবার অস্ট্রালোপিথেকাস ডেইরিমেডা নামে অপর এক আদিম প্রজাতির। অর্থাৎ, আফ্রিকা মহাদেশে যে একাধিক হোমিনিন প্রজাতি ঘুরে বেড়াত, সে বিষয়ে কোনও সংশয় নেই গবেষকদের মনে। তবে দক্ষিণ আফ্রিকার ওই অঞ্চলে যে ‘তাউং চাইল্ডের’ সমসাময়িক একাধিক হোমিনিনের বাস ছিল, তা এত দিন অজানাই ছিল।
তথ্যসূত্র: আনন্দবাজার অনলাইন