মানুষের কর্মকাণ্ডে পৃথিবীর ১০ লাখের বেশি প্রজাতি বিলুপ্তির পথে
মানবসৃষ্ট কর্মকাণ্ডে বিলুপ্তির ঝুঁকিতে ১০ লাখের বেশি প্রজাতি। জলবায়ুর বিপর্যয়, অতিরিক্ত পশুচারণ এবং অতিরিক্ত মাত্রায় সার ও কীটনাশকের ব্যবহারের কারণে দূষণ। জীববৈচিত্র্যের ক্ষয় ও জলবায়ু বিশৃঙ্খলাজনিত বৈশ্বিক সংকট আরও তীব্র হচ্ছে। এর ফলে ১০ লাখের বেশি প্রজাতি বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে। এমতাবস্থায় পৃথিবী ক্রমেই মানুষের বসবাসের অনুপযোগী হয়ে পড়ার শঙ্কা বাড়ছে। এমন সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনি গুতেরেস।
গুতেরেস বলেন, চার বছর আগে সম্মত হওয়া কুনমিং-মন্ট্রিল বৈশ্বিক জীববৈচিত্র্য কাঠামো বিশ্বজুড়ে নানা উদ্যোগকে উৎসাহিত করেছে। প্রায় ৯০ শতাংশ সদস্যদেশ জীববৈচিত্র্য সংরক্ষণে জাতীয় লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। অর্ধেকের বেশি দেশ এ বিষয়ে জাতীয় কর্মপরিকল্পনাও তৈরি করেছে। কারণ একটি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, খাদ্য নিরাপত্তা এবং পরিবেশগত ভারসাম্য একে অপরের পরিপূরক। এই মূলমন্ত্রকে ধারণ করে আজ আমাদের গভীরভাবে খতিয়ে দেখা প্রয়োজন জীববৈচিত্র্যের বৈশ্বিক ও জাতীয় গতিপ্রকৃতি কেমন।
সাম্প্রতিক উপাত্ত কী বলছে এবং বাংলাদেশের টেকসই ভবিষ্যতের স্বার্থে দৃষ্টিভঙ্গি কেমন হওয়া উচিত। বিশ্বজুড়ে আজ প্রকৃতির ওপর মানুষের লাগামহীন আগ্রাসন অত্যন্ত নির্মম রূপ ধারণ করেছে। জাতিসংঘের পরিবেশবিষয়ক সংস্থা এবং ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচারের সাম্প্রতিক প্রতিবেদনগুলো স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে, মানবজাতি বর্তমানে একটি ভয়ংকর ‘ষষ্ঠ গণবিলুপ্তির’ মধ্য দিয়ে যাচ্ছে।
যেখানে স্বাভাবিক সময়ের চেয়ে বর্তমান বিলুপ্তির হার প্রায় ১০০ থেকে ১ হাজার গুণ বেশি। প্রায় ১০ লাখ উদ্ভিদ ও প্রাণী প্রজাতি বিলুপ্তির তীব্র ঝুঁকিতে রয়েছে। বৈশ্বিক জিডিপির অর্ধেকেরও বেশি (প্রায় ৪৪ ট্রিলিয়ন মার্কিন ডলারের সমান) যেখানে মাঝারি বা উচ্চ মাত্রায় প্রকৃতির ওপর এবং বাস্তুতন্ত্রের সুস্থতার ওপর নির্ভরশীল। সেখানে পৃথিবীর ৭৫ শতাংশ স্থলভাগ ও ৬৬ শতাংশ সামুদ্রিক পরিবেশ মানুষের অনিয়ন্ত্রিত কর্মকাণ্ডের কারণে আমূল পরিবর্তিত বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
২০২২ সালে স্বাক্ষরিত ঐতিহাসিক কুনমিং-মন্ট্রিল গ্লোবাল বায়োডাইভার্সিটি ফ্রেমওয়ার্কের লক্ষ্য ছিল ২০৩০ সালের মধ্যে পৃথিবীর অন্তত ৩০ শতাংশ স্থল ও জলভাগ সম্পূর্ণ সংরক্ষণ করা। তবে ২০২৬ সালে এসেও দেখা যাচ্ছে, উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর স্থানীয় স্তরে সঠিক সমন্বয় ও বৈজ্ঞানিক কৌশলের অভাবে এই লক্ষ্যমাত্রা অর্জন এখনো অনেক দূরে রয়ে গেছে। বাংলাদেশ বৈশ্বিক জীববৈচিত্র্যের অন্যতম গুরুত্বপূর্ণ হটস্পট ‘ইন্দো-বার্মা’ অঞ্চলের অংশ হিসেবে অনন্য প্রাকৃতিক সম্পদের অধিকারী হলেও বিপুল জনসংখ্যার কারণে এ দেশের বাস্তুতন্ত্র চরম সংকটে।
২০২৬ সালের মে মাসে প্রকাশিত ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন এবং সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজের যৌথ সমীক্ষায় দেখা গেছে, কক্সবাজার দক্ষিণ বন বিভাগের ৪৪ হাজার ১৭৪ হেক্টর প্রাকৃতিক বনে মাত্র ৫০০টি মাতৃবৃক্ষ বা বীজ উৎপাদনকারী প্রবীণ গাছ টিকে আছে। যা আমাদের বনাঞ্চলের স্বাভাবিক পুনরুৎপাদন ক্ষমতা হারানোর এক অপূরণীয় সংকেত। সুন্দরবনে সর্বশেষ শুমারি অনুযায়ী বাঘের সংখ্যা ১১৪টি থেকে সামান্য বেড়ে ১২৫টি হওয়া কিছুটা আশাব্যঞ্জক। তবে জলবায়ু পরিবর্তনের কারণে লবণাক্ততা বৃদ্ধি ও আবাসস্থল সংকটে তারা চরম ঝুঁকিতে রয়েছে। পাশাপাশি মানুষের পাতা ফাঁদে ও নির্বিচার গুলিতে প্রতি বছর বহু হাতির করুণ মৃত্যু ঘটছে।
এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার ২০২৬ সালের শুরুতে ‘বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) অধ্যাদেশ ২০২৬’ জারি করেছে। যেখানে বিপন্ন বন্যপ্রাণী হত্যার দায়ে সর্বোচ্চ ১২ বছরের কারাদণ্ড ও ১৫ লাখ টাকা জরিমানার কঠোর বিধান রাখা হয়েছে। তবে নগরায়নের থাবায় গত দুই দশকে ঢাকার সবুজ অঞ্চল ১২ দশমিক ৫ শতাংশ থেকে কমে মাত্র ২ দশমিক ৮ শতাংশে নেমে এসেছে এবং দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে গত তিন দশকে ৫৭ শতাংশের বেশি জলাভূমি চিরতরে হারিয়ে গেছে। যা মৎস্য বৈচিত্র্য, জলজ অণুজীব এবং ভূগর্ভস্থ পানির স্তরের ওপর মারাত্মক বিপর্যয় ডেকে আনছে। এ অবস্থায় বিলুপ্তির দ্বারপ্রান্তে থাকা বাংলাদেশের অনন্য স্থলজ ও সামুদ্রিক অণুজীব এবং বন্যপ্রাণীর জিনগত সম্পদ সুরক্ষায় একটি বৃহৎ জাতীয় প্রকল্প গ্রহণ করে সম্পূর্ণ জিনোম সিকোয়েন্সিং সম্পন্ন করা এবং একটি অত্যাধুনিক ‘জাতীয় জিন ব্যাংক’ প্রতিষ্ঠা করা জরুরি। যা দেশের টেকসই বায়ো-ইকোনমি বা জৈব-অর্থনীতির ভিত্তি হিসেবে কাজ করবে।
২০২৬ সালের আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবসের মূল বাণী ‘স্থানীয় পদক্ষেপ’ সার্থক করতে হলে বাংলাদেশের নীতিনির্ধারক ও গবেষকদের যৌথভাবে একটি কৌশলগত রূপরেখা বাস্তবায়ন করতে হবে।
প্রথমত, বিলুপ্তির দ্বারপ্রান্তে থাকা বাংলাদেশের অনন্য স্থলজ ও সামুদ্রিক অণুজীব এবং বন্যপ্রাণীর জিনগত সম্পদ সুরক্ষায় একটি বৃহৎ জাতীয় প্রকল্প গ্রহণ করে সম্পূর্ণ জিনোম সিকোয়েন্সিং সম্পন্ন করা এবং একটি অত্যাধুনিক ‘জাতীয় জিন ব্যাংক’ প্রতিষ্ঠা করা জরুরি, যা দেশের টেকসই বায়ো-ইকোনমি বা জৈব-অর্থনীতির ভিত্তি হিসেবে কাজ করবে।
দ্বিতীয়ত, ‘বন্যপ্রাণী অধ্যাদেশ ২০২৬’ এবং পরিবেশ সংরক্ষণ আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করে সেন্ট মার্টিন, টাঙ্গুয়ার হাওর এবং সুন্দরবন অঞ্চলে পর্যটনের নামে সব ধরনের বাণিজ্যিক অবকাঠামো নির্মাণ অবিলম্বে নিষিদ্ধ করতে হবে। তৃতীয়ত, দেশের শিল্প ও কর্পোরেট সেক্টরকে তাদের বাণিজ্যিক নৈতিকতার অংশ হিসেবে শতভাগ কার্যকর ইটিপি নিশ্চিত করতে হবে এবং বাংলাদেশ ব্যাংকের পরিবেশবান্ধব অর্থায়নের প্রণোদনার সাথে জীববৈচিত্র্য পুনরুদ্ধারের সরাসরি সংযোগ ঘটাতে হবে।
সর্বোপরি, উপকূলীয় অঞ্চলে কৃত্রিম ও ব্যয়বহুল কংক্রিটের বাঁধের চেয়ে ম্যানগ্রোভ বনায়নের মতো প্রকৃতি-ভিত্তিক সমাধান বাড়াতে হবে এবং কৃষি খাতে ক্ষতিকর রাসায়নিকের ব্যবহার কমিয়ে আইবিজিই আবিষ্কৃত প্রোবায়োটিক ও প্রাকৃতিক বায়োফাঙ্গিসাইডের বাণিজ্যিক উৎপাদন ও বিপণন নিশ্চিত করতে হবে। এদিকে তরুণ ও স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণের আহ্বান জাতিসংঘ মহাসচিবের শেষ আহ্বান ছিল সমাজের সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা। বিশেষ করে তরুণ, নাগরিক সমাজ, নারী, আদিবাসী জনগোষ্ঠী ও স্থানীয় সম্প্রদায়কে জীববৈচিত্র্য রক্ষার উদ্যোগে যুক্ত করার ওপর গুরুত্ব দেন তিনি।
গুতেরেস বলেন, ‘পরিবেশের অবক্ষয়ের সবচেয়ে বড় বোঝা প্রায়ই সবচেয়ে ঝুঁকিপূর্ণ মানুষের ওপর পড়ে, অথচ সমস্যাটি সৃষ্টিতে তাদের দায় সবচেয়ে কম। কিন্তু সমাধানও প্রায়ই এই জনগোষ্ঠীগুলোর কাছ থেকেই আসে।’ জাতিসংঘ মহাসচিব হিসেবে তার মেয়াদ শেষ হবে এ বছরের ডিসেম্বর উল্লেখ করে গুতেরেস বলেন, জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যরে ক্ষয় ও দূষণ মোকাবিলা তার সর্বোচ্চ অগ্রাধিকারগুলোর অন্যতম ছিল। তিনি বলেন, ‘এই মুহূর্তে যে জরুরি পদক্ষেপ প্রয়োজন, আসুন আমরা তা গ্রহণ করি-আমাদের সন্তানদের জন্য, আমাদের ভবিষ্যতের জন্য এবং পৃথিবীর সব প্রাণের জন্য।
তথ্যসূত্র: জাগোনিউজ