মঙ্গলের ধুলোয় লুকিয়ে রয়েছে লাল চুনি?
মঙ্গলের লাল ধুলোর চাদরের নীচে কি লুকিয়ে রয়েছে ছোট ছোট চুনি (রুবি)? নাসার পারসিভারেন্স রোভার সম্প্রতি যে গবেষণা করেছে, তাতে সে রকমই ইঙ্গিত মিলেছে। তবে বিজ্ঞানীরা আসলে সেই চুনিকে দিয়েই খুঁজতে চাইছেন লাল গ্রহের ভূতাত্ত্বিক ইতিহাস।
মঙ্গলের শিলা বিশ্লেষণ করেছে রোভার। এক্সরে ফ্লুওরেসেন্স, রামন প্রক্রিয়ার মাধ্যমে চলেছে পরীক্ষানিরীক্ষা। মঙ্গলের শিলায় একটি লালচে দ্যুতি বা আলোকচ্ছটা শনাক্ত করেছে রোভার। বিজ্ঞানীরা মনে করছেন, ক্রোমিয়াম যুক্ত কোরান্ডাম খনিজের উপস্থিতিতে ওই লালচে আলো তৈরি হয়। ওই খনিজ গোত্রের মধ্যেই পড়ে চুনি।
লালগ্রহ নিয়ে পরীক্ষানিরীক্ষার জন্য নাসা পাঠিয়েছে পারসিভারেন্স রোভার। তাতে রয়েছে সুপারক্যাম। মঙ্গলের শিলার রাসায়নিক এবং খনিজ উপাদান পরীক্ষার জন্য তৈরি করা হয়েছে সেই প্রযুক্তি। লেজ়ার এবং স্পেক্টোস্কোপিক প্রযুক্তি প্রয়োগ করে কাজ করে সুপারক্যাম। সেই যন্ত্রই একটি হালকা রঙের শিলা বিশ্লেষণ করার সময় ৬৯২.৭ এবং ৬৯৪.১ ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যের আলোকচ্ছটার শীর্ষে সূক্ষ্ম বিন্দু লক্ষ করেছিল।
কোরান্ডামের স্ফটিক কাঠামোর ভিতরে যে ক্রোমিয়াম পরমাণু থাকে, তার সঙ্গে যোগ রয়েছে ওই বিকিরণের। পৃথিবীতে ক্রোমিয়ামযুক্ত কোরান্ডামকে চুনি বলে। সেই লাল রঙের চুনি ব্যবহার করা হয় গয়নাগাটিতে। রোভারের সুপারক্যাম যে ভাবে নির্দিষ্ট সময়ের মধ্যে আলোকচ্ছটা বিশ্লেষণ করতে সক্ষম হয়, তাতেই নাসার বিজ্ঞানীরা পরমাণু থেকে নির্গত লাল দ্যুতির বিষয়ে জানতে পেরেছেন। খনিজটি আসলে কী, তারও একটি ধারণা করতে পেরেছেন।
অ্যান ওল্লিলার নেতৃত্বাধীন গবেষক দলের সেই গবেষণা প্রকাশিত হয়েছে ‘জিওফিজ়িক্যাল রিসার্চ লেটার্স’-এ। তাঁরা একটি বিষয় স্পষ্ট জানিয়েছেন, মঙ্গলের মাটিতে চুনি আবিষ্কার করেনি রোভার। এমনটা ভাবলে চলবে না যে, মঙ্গলের ধুলোর চাদরে পড়ে রয়েছে রাশি রাশি চুনির কেলাস। তুলে এনে গয়নার বসালেই চলবে! রোভার সেখানে কোরান্ডাম স্ফটিক আবিষ্কার করেছে, যা মূলত মঙ্গলের ভূতাত্ত্বিক ইতিহাসের দিকে ইঙ্গিত করে।
তথ্যসূত্র: আনন্দবাজার অনলাইন