রবিবার, নভেম্বর ১৫, ২০২৬

পৃথিবীতে প্রাণের উৎস-রহস্যে নতুন ধাঁধার প্রবেশ!

সোনার দেশ ডেস্ক ১৪ নভেম্বর ২০২৬ ০৩:০১ অপরাহ্ন বিজ্ঞান ও প্রযুক্তি
সোনার দেশ ডেস্ক ১৪ নভেম্বর ২০২৬ ০৩:০১ অপরাহ্ন
পৃথিবীতে প্রাণের উৎস-রহস্যে নতুন ধাঁধার প্রবেশ!
মহাকাশে ঘুরতে থাকা গ্রহাণুতে জিন গঠনের উপাদান। ছবি: সংগৃহীত।

আনুমানিক ৪৫০ থেকে ৪৬০ কোটি বছর আগে মহাকাশে গ্যাস ও ধূলিকণার কুণ্ডলী থেকে তৈরি হয় সূর্য। তার পর একে একে পৃথিবী ও অন্যান্য গ্রহের জন্ম। সৌরপরিবারে থিতু হতে আরও কয়েক কোটি বছর সময় নিয়ে নিয়েছিল আমাদের গ্রহ। তারও অনেক পরে জলে জাগে প্রথম প্রাণের স্পন্দন। এককোষী অণুজীব থেকে আধুনিক মানুষ পর্যন্ত বিবর্তনের সফর কম রোমাঞ্চকর নয়। কিন্তু বিজ্ঞানীদের দাবি, তারও আগে মহাকাশেই ছড়িয়েছিটিয়ে ছিল প্রাণ সৃষ্টির যাবতীয় উপাদান! সম্প্রতি তার আরও এক প্রমাণ মিলেছে।


রিউগু নামে একটি গ্রহাণু থেকে ২০২০ সালে জাপানের মহাকাশযান কিছু পাথর ও ধূলিকণার নমুনা সংগ্রহ করে এনেছিল। বিজ্ঞানীরা তা নিয়ে দীর্ঘদিন ধরে পরীক্ষানিরীক্ষা চালিয়ে যাচ্ছেন। সম্প্রতি একটি গবেষণায় দেখা গিয়েছে, ডিএনএ ও আরএনএ-র গঠনগত পাঁচটি প্রধান নিউক্লিওবেস ওই নমুনায় বর্তমান। গ্রহাণুর আনুমানিক বয়স অনুমান করার পর বিজ্ঞানীদের কৌতূহল বেড়েছে। দেখা গিয়েছে, তা পৃথিবীর প্রায় সমবয়সি। অর্থাৎ, পৃথিবীতে প্রাণ সৃষ্টি হওয়ার আগে মহাকাশেই তার উপাদানগুলি ঘুরে বেড়াচ্ছিল। এমনিতে পৃথিবীতে প্রাণের আগমন বাইরে থেকে হয়েছে কি না, তা নিয়ে নানা মুনির নানা মত। বিজ্ঞানীরা সে বিষয়ে এখনও নিশ্চিত হতে পারেননি। তার মধ্যেই সম্ভাবনার দুয়ার উন্মোচন করে দিল নতুন গবেষণা।


রিউগুর নমুনা নিয়ে সাম্প্রতিক গবেষণাটি করেছেন জাপানের একদল বিজ্ঞানী। জাপান এজেন্সি ফর মেরিন আর্থ সায়েন্স অ্যান্ড টেকনোলজি (জ্যামস্টেক)-র বিজ্ঞানী তোশিকি কোগা এবং হোক্কাইডো বিশ্ববিদ্যালয়ের ইয়াশুহিরো ওবা ওই গবেষণার নেতৃত্ব দেন। গবেষণার ফল গত মার্চে প্রকাশিত হয়েছে নেচার অ্যাস্ট্রোনমি জার্নালে। আমাদের শরীরে জিনগত বৈশিষ্ট্য অর্থাৎ, ডিএনএ এবং আরএনএ তৈরি হয় যে সমস্ত অণু দিয়ে, সেগুলিকে নিউক্লিওবেস বলে। অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন এবং ইউরাসিল— মোট পাঁচটি উপাদান ডিএনএ-আরএনএ গঠনে জরুরি। এদের ছাড়া পৃথিবীতে প্রাণের বিকাশ বা বংশবৃদ্ধি সম্ভব হত না। জাপানের বিজ্ঞানীদের দাবি, জেনেটিক কোডের এই প্রধান পাঁচটি নিউক্লিওবেসই রয়েছে প্রাচীন গ্রহাণুর নমুনায়।


নিউক্লিওবেসগুলি মূলত নাইট্রোজেনযুক্ত জৈব অণু। ডিএনএ এবং আরএনএ-র মধ্যে চারটি করে নিউক্লিওবেস থাকে। উভয়ের মধ্যেই রয়েছে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন। চতুর্থ নিউক্লিওবেস হিসেবে ডিএনএ-তে থাইমিন এবং আরএনএ-তে ইউরাসিল বর্তমান। অর্থাৎ, তিনটি নিউক্লিওবেস উভয়ের মধ্যে সাধারণ। ডিএনএ-তে থাইমিনের জায়গায় আরএনএ-তে ইউরাসিল থাকে। এই অণুগুলি শর্করা এবং ফসফেটের সঙ্গে মিলিত হয়ে নিউক্লিওটাইড গঠন করে, যা জেনেটিক উপাদানের মূল একক। জীবের বৃদ্ধি, প্রজনন এবং বিবর্তন এদের ছাড়া সম্ভব নয়।

পাঁচটি নিউক্লিওবেসের মধ্যেই কার্বন, হাইড্রোজ়েন এবং নাইট্রোজেন পরমাণু থাকে। অ্যাডেনিন ছাড়া বাকিগুলিতে থাকে অক্সিজেনও। পাঁচটি করে কার্বন, নাইট্রোজেন এবং হাইড্রোজেন পরমাণু নিয়ে অ্যাডেনিন গঠিত। গুয়ানিনে তার সঙ্গে রয়েছে অতিরিক্ত একটি অক্সিজেন। এ ছাড়া, সাইটোসিনে চারটি কার্বন, পাঁচটি হাইড্রোজেন, তিনটি নাইট্রোজেন ও একটি অক্সিজেন থাকে। থাইমিনে থাকে পাঁচটি কার্বন, ছ’টি হাইড্রোজেন, দু’টি নাইট্রোজেন ও দু’টি অক্সিজেন। ইউরাসিলে থাকে চারটি কার্বন, চারটি হাইড্রোজেন দু’টি নাইট্রোজেন ও দু’টি অক্সিজেন।


জাপানের মহাকাশযান রিউগু থেকে মোট ৫.৩ গ্রাম বিশুদ্ধ নমুনা সংগ্রহ করে এনেছিল। পৃথিবীর বায়ুমণ্ডলে ধুলোবালির সংস্পর্শে এসে তা যাতে দূষিত না হয়, তার জন্য সবরকম প্রস্তুতি নিয়েছেন বিজ্ঞানীরা। অত্যন্ত সন্তর্পণে পরীক্ষানিরীক্ষা চলছে। পরীক্ষাগারে জল এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার করে জৈব অণুগুলি নিষ্কাশন করা হয়েছে। এর আগেও মহাকাশের বিভিন্ন বস্তুর মধ্যে প্রাণ সৃষ্টির উপাদানের খোঁজ মিলেছিল। ভেঙে পড়া উল্কাপিণ্ডের নমুনায় ছিল জৈব অণু। তবে বাইরে থেকে পৃথিবীতে চলে আসার পর এখানকার মাটি, বাতাসের সংস্পর্শে এসে তাতে ভেজাল মিশে যায় বলে বিজ্ঞানীদের ধারণা। এ ক্ষেত্রে তা হয়নি। কারণ, সরাসরি মহাকাশ থেকেই নমুনা সংগ্রহ করা হয়েছে। ফলে এই গবেষণার ফলাফল এই সংক্রান্ত অন্যান্য গবেষণার চেয়ে অধিক গ্রহণযোগ্য বলে মনে করা হচ্ছে।


১৯৬৯ সালে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া প্রদেশের মার্চিসনে একটি উল্কাপিণ্ড এসে পড়েছিল। তার আগে ১৮৬৪ সালে দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের ওর্গুয়েইলে পড়েছিল আরও একটি উল্কাপিণ্ড। দু’টির নমুনা পরীক্ষা করেই নিউক্লিওবেস-সহ জৈব অণু পেয়েছিলেন বিজ্ঞানীরা। পৃথিবীতে প্রাণের উপাদান বাইরে থেকে এসেছিল কি না, সেই প্রশ্ন উস্কে দেয় ওই সমস্ত উল্কাপিণ্ড। তবে ১০০ শতাংশ নিশ্চিত হতে আরও গবেষণা প্রয়োজন, মনে করেন বিজ্ঞানীরা। তাঁদের দাবি, রিউগু কিংবা ওর্গুয়েইল আসলে সৌরজগতের আদিপর্বের অবশেষ। এদের বয়স আনুমানিক ৪৫০ থেকে ৪৬০ কোটি বছর।


গ্রহাণু বা উল্কাপিণ্ডগুলিতে প্রাপ্ত জৈব উপাদানে কিন্তু পরিমাণের হেরফের রয়েছে। কোনওটিতে গুয়ানিন বেশি, কোনওটিতে ইউরাসিল। বিজ্ঞানীদের ধারণা, পৃথিবীতে প্রাণের উত্থানের কাহিনির সঙ্গে এই সমস্ত প্রাচীন মহাজাগতিক বস্তুর রসায়নের নিগূঢ় সম্পর্ক রয়েছে। প্রাচীন সৌরজগতের স্পষ্ট চিত্র এই নমুনাগুলির মধ্যে ধরা আছে। গবেষকেরা মনে করছেন, প্রাণ সৃষ্টির আণবিক উপাদানগুলি কোটি কোটি বছর ধরে মহাকাশেই গঠিত হচ্ছিল। হতে পারে গ্রহাণুগুলির মাধ্যমে তা আদি পৃথিবীতে এসে পৌঁছোয়। আবার একই ভাবে মহাকাশের জৈব উপাদানগুলি তারা অন্য কোনও গ্রহে বহন করে নিয়ে গিয়েছে কি না, তা নিয়েও গবেষণা প্রয়োজন।


তথ্যসূত্র: আনন্দবাজার অনলাইন