মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬

সৌরজগতের শেষ প্রান্তে লুকিয়ে আছে পৃথিবীর জলের চেয়ে ‘ভারী’ জলের ভান্ডার!

সোনার দেশ ডেস্ক ১৫ নভেম্বর ২০২৬ ০১:২০ অপরাহ্ন বিজ্ঞান ও প্রযুক্তি
সোনার দেশ ডেস্ক ১৫ নভেম্বর ২০২৬ ০১:২০ অপরাহ্ন
সৌরজগতের শেষ প্রান্তে লুকিয়ে আছে পৃথিবীর জলের চেয়ে ‘ভারী’ জলের ভান্ডার!
ছবি: এআই সহায়তায় তৈরি

পৃথিবীর পৃষ্ঠের প্রায় ৭১ শতাংশ জল। কিন্তু পৃথিবীর বাইরে? সেখানেও জলের পরিমাণ প্রচুর। পৃথিবীর তুলনায় বহু গুণ বেশি। নাসার বৈজ্ঞানিকদের একটি গবেষণায় জানা গিয়েছে, কিছু ক্ষেত্রে এই জল আমাদের চেনা জগতের জলের চেয়ে আলাদা। তার ভার আরও বেশি। কী ভাবে? জলের মধ্যে রয়েছে মূলত হাইড্রোজেন ও অক্সিজেন পরমাণু। রসায়নবিজ্ঞান বলে, অক্সিজেন পরমাণুর তিন রকমের আইসোটোপ রয়েছে। আইসোটোপ হল একই মৌলিক পদার্থের ভিন্ন ভিন্ন পরমাণু, যাদের প্রোটন সংখ্যা এক, কিন্তু নিউট্রন সংখ্যা ভিন্ন।


অক্সিজেনের আইসোটোপগুলি হল অক্সিজেন-১৬, অক্সিজেন-১৭ ও অক্সিজেন-১৮। পৃথিবীতে প্রাপ্ত জলে অক্সিজেন-১৬-র পরিমাণই বেশি। গবেষণায় সৌরজগতের শেষ প্রান্ত থেকে আগত মহাজাগতিক ধুলিকণায় জলের খোঁজ পেয়ে তা পরীক্ষা করা হয়। বৈজ্ঞানিকদের মত, এই জলে অক্সিজেনের অন্য দু’টি আইসোটোপের পরিমাণ অনেক বেশি। গবেষণার সঙ্গে যুক্ত এক জ্যোতির্বিজ্ঞানী লিন্ডসে কেলার এ সম্পর্কে বলেন, ‘‘গ্যাস-দানব গ্রহগুলির (শনি, বৃহস্পতি ইত্যাদি) কক্ষপথের বাইরে ভারী জলের এক বিশাল ভাণ্ডারের উপস্থিতির জোরালো প্রমাণ পাওয়া গিয়েছে।’’


কোথা থেকে এল এই জল? কেনই বা এই জলের প্রকৃতি পৃথিবীর জলের চেয়ে আলাদা? নাসার জনসন স্পেস সেন্টারের জ্যোতির্বিজ্ঞানী লিন্ডসে কেলার এবং তাঁর সহকর্মীদের একটি গবেষণা ২০২৬ সালে ‘সায়েন্স অ্যাডভান্সেস’ পত্রিকায় প্রকাশিত হয়েছে। সেই গবেষণাতেই এই সব প্রশ্নের উত্তর মিলেছে। জানা গিয়েছে, এই ধূলিকণাগুলির উৎপত্তি কাইপার বেল্টে। নেপচুনের কক্ষপথের বাইরে, সূর্য থেকে প্রায় ৩০ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট (পৃথিবী ও সূর্যের দূরত্বের ৩০ গুণ) দূরে অবস্থিত শীতল ও অন্ধকারাচ্ছন্ন অঞ্চলটি হল কাইপার বেল্ট। এখানে লক্ষ লক্ষ বরফ ও পাথরের খণ্ড রয়েছে, যেগুলিতে প্রচুর পরিমাণে জল জমে আছে বলে ধারণা করা হয়।


কাইপার বেল্টে পৌঁছোনো খুবই কঠিন। পৌঁছোতে বেশ কয়েক বছর সময়ও লাগে। কোনও যন্ত্রের মাধ্যমে কাইপার বেল্ট থেকে নমুনা সংগ্রহ করে পৃথিবীতে নিয়ে আসেও এতটাই কঠিন এবং ব্যয়বহুল যে, এখনও পর্যন্ত তা অসম্ভব বলেই ধরা হয়। তা হলে এই ধূলিকণাগুলির সন্ধান পাওয়া গেল কী ভাবে? জ্যোতির্বিজ্ঞানীদের মতে, প্রতিবছর আনুমানিক ৫,২০০ মেট্রিক টন মহাজাগতিক ধূলিকণা পৃথিবীতে এসে পড়ে। অধিক উচ্চতায় উড়তে সক্ষম একটি যন্ত্রের সাহায্যে পৃথিবীর স্ট্র্যাটোস্ফিয়ার স্তর থেকে এরকম বেশ কিছু ধূলিকণা সংগ্রহ করা হয়। সংগৃহীত উপাদানের মধ্য থেকে কেলার এবং তাঁর দল ১২টি সূক্ষ্ম ধূলিকণা বেছে নেন। প্রতিটি কণার আকার মাত্র ১০ থেকে ৩০ মাইক্রোমিটার। কেন এগুলিই বেছে নেওয়া হল? কারণ গবেষকদের মতে, এই ১২টি ধূলিকণা এসেছে কাইপার বেল্ট থেকে। তবে এই কণাগুলি যে কাইপার বেল্ট থেকেই এসেছে, তার কী প্রমাণ?


গবেষকেরা জানিয়েছেন, দু’টি পোক্ত প্রমাণ মিলেছে কণাগুলি গবেষণাগারে পরীক্ষা করার পর। আন্তঃগ্রহ মহাকাশে (দুই গ্রহের মাঝের ফাঁকা জায়গা) বায়ুমণ্ডলের কোনও সুরক্ষা থাকে না। সূর্য থেকে নির্গত কণা এই ধূলিকণাগুলির সঙ্গে বিক্রিয়া করে সেগুলির স্ফটিক কাঠামোর (ক্রিস্টাল ল্যাটিস) পরমাণুগুলিকে সামান্য সরিয়ে দেয়। এর ফলে কণার গায়ে এক ধরনের সূক্ষ্ম দাগ তৈরি হয়। একটি কণা মহাকাশে যত বেশি সময় ধরে ভ্রমণ করে, তার গায়ে এই দাগের সংখ্যা তত বেশি হয়। গবেষকেরা এনস্টাটাইট নামক স্ফটিকে এই দাগের ঘনত্ব মেপে দেখেন, ১২টি কণায় যা দাগ রয়েছে তা গ্রহাণু বলয় বা অন্য ধূমকেতু থেকে আগত ধূলিকণার তুলনায় প্রায় ১০০ গুণ বেশি। এটি প্রমাণ করে, কণাগুলি অনেক দূর থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে এসেছে। অঙ্ক কষে সেই দূরত্ব হিসেব করলে দেখা যায়, তা পৃথিবী থেকে কাইপার বেল্টের দূরত্বের প্রায় সমান। তা ছাড়া এই ধূলিকণাগুলিতে প্রচুর পরিমাণে কার্বন পাওয়া গিয়েছে—যা সাধারণ কার্বনসমৃদ্ধ উল্কাপিণ্ডের তুলনায় প্রায় চার গুণ বেশি। এটিও প্রমাণ করে, এই কণাগুলি সূর্য থেকে অনেক দূরে, ভিন্ন পরিবেশে জন্ম নিয়েছিল।


এ বার প্রশ্ন, যদি সূর্যের থেকে কাইপার বেল্টের দূরত্ব এতটাই হয়, সেই জল তো বরফ হয়ে যাওয়ার কথা। তা হলে তার চিহ্ন পৃথিবীতে আগত ধূলিকণায় কী ভাবে মিলল? যদি জল থেকেও থাকে, তবে ওইটুকু আকৃতির ধূলিকণার মধ্যে জলের খোঁজ কেমন করে পাওয়া গেল? গবেষকদের বক্তব্য, সরাসরি জলের খোঁজ না পাওয়া গেলেও সেই জলের অক্সিজেন পরমাণুগুলির ছোঁয়া লেগে ছিল কণাগুলিতে। এই ধূলিকণাগুলির বেশ কয়েকটিতে ‘স্যাপোনাইট’ এবং ‘সার্পেন্টাইন’ আকৃতির কাদামাটি এবং অন্যান্য জলভরা পদার্থের খোঁজ পাওয়া গিয়েছে। এই খনিজ পদার্থগুলি তখনই তৈরি হয় যখন তরল জল অন্যান্য খনিজের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে সেগুলির গঠন পরিবর্তন করে। কাইপার বেল্ট বর্তমানে বরফে জমাটবাঁধা থাকলেও, অতীতে তেজস্ক্রিয় ক্ষয় বা মহাজাগতিক সংঘর্ষের ফলে সৃষ্ট তাপে এই বরফপিণ্ডগুলির ভিতরের অংশ গলে তরল জলে পরিণত হয়েছিল।


তখনই পাথরের সঙ্গে বিক্রিয়া হয়ে তৈরি হয়েছিল এই জলভরা খনিজ পদার্থগুলি। সেই তরল জল বহু আগেই শুকিয়ে গেলেও, কণার খনিজগুলিতে সেই জলের অক্সিজেন রয়ে গিয়েছিল। জানা গিয়েছে, কণাগুলির খনিজ পদার্থের মধ্যে ভারী অক্সিজেন আইসোটোপের (অক্সিজেন-১৭ ও ১৮) অস্বাভাবিক আধিক্য খুঁজে পেয়েছিলেন গবেষকেরা। সেগুলি বিশ্লেষণ করে তাঁরা বুঝতে পারেন, কোটি কোটি বছর আগে মানুষের চেনা সৌরজগতের গণ্ডির বাইরে সূর্য থেকে বেশ খানিকটা দূরে ভারী অক্সিজেনসমৃদ্ধ জলের একটি বিশাল ভান্ডার ছিল। এতদিন সে সম্পর্কে কোনও ধারণাই ছিল না মানুষের।


কী ভাবে এই অক্সিজেন পরমাণুগুলি আলাদা হল? প্রায় ৪৫০ কোটি বছর আগে সৌরজগৎ সৃষ্টি হওয়ার সময় থেকেই এই জলের ভান্ডারটি সূর্যের থেকে বেশ খানিকটা দূরত্বে ছিল। তাই কোনও রাসায়নিক বিক্রিয়া না হয়ে একদম বিশুদ্ধ অবস্থায় টিকে ছিল। এর পিছনে শনি গ্রহের বড় ভুমিকা রয়েছে বলে মত গবেষকদের। সাধারণত সৌরজগতে বৃহস্পতি গ্রহকে তার বিশালাকৃতির জন্য মহাবিশ্বের ঢাল মনে করা হলেও, এই গবেষণায় দেখা গিয়েছে শনি গ্রহ এ ক্ষেত্রে প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছিল। প্রাথমিক সৌরজগতের মডেল অনুযায়ী, শনি গ্রহ সূর্যের চারপাশের গ্যাস ও ধূলিকণার চাকতিতে এক ধরনের চাপ-বলয় তৈরি করেছিল।


এর ফলে বাইরের সৌরজগতের উপাদানগুলি ভিতরের দিকে আসতে বাধা পায়। তাদের গতি ধীর হয়ে যায়। শনি এবং অন্যান্য বরফজমা গ্রহের সম্মিলিত প্রভাবে কাইপার বেল্টের এই আদিম জল সৌরজগতের অন্য গ্রহের জলের সঙ্গে মিশে যায়নি। তার ফলেই এই জলের অক্সিজেন পরমাণুগুলি তাদের স্বতন্ত্র বৈশিষ্ট্য বজায় রাখতে সক্ষম।


তথ্যসূত্র: আনন্দবাজার অনলাইন