খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে লুট ২ হাজার ভরি স্বর্ণ
রাজধানীর ধানমন্ডিতে নিরাপত্তাকর্মীদের খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে অচেতন করার পর পূরবী জুয়েলার্সে লুটের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা দোকান থেকে প্রায় দুই হাজার ভরি স্বর্ণ, রুপা ও হীরার গয়না এবং নগদ ১০ থেকে ১২ লাখ টাকা নিয়ে গেছে বলে দাবি করেছে জুয়েলার্স কর্তৃপক্ষ।
শুক্রবার (২৭ নভেম্বর) গভীর রাতে ধানমন্ডি ৬/এ এলাকার আনাম র্যাংস প্লাজায় এ ঘটনা ঘটে। ঘটনার পর জুয়েলার্সের নিজস্ব একজন নিরাপত্তাকর্মীসহ মার্কেটের দুই নিরাপত্তাকর্মীর খোঁজ পাওয়া যাচ্ছে না। তাঁদের সম্পৃক্ততার সন্দেহে চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
পূরবী জুয়েলার্সের সিনিয়র সেলস এক্সিকিউটিভ সনজিৎ শীল জানান, রাত ২টার দিকে চুরির ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে তিন থেকে পাঁচজনকে দোকানে প্রবেশ করতে দেখা গেছে। ফুটেজে নিখোঁজ নিরাপত্তাকর্মীদের একজনকে বাইরের লোকজনকে প্রবেশে সহযোগিতা করতেও দেখা যায়। দোকানে ঢোকার পর দুর্বৃত্তদের একজন সিসিটিভি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
নিরাপত্তাকর্মী আব্দুর রহিম জানান, দায়িত্ব পালনকালে সালাম নামে এক নিরাপত্তাকর্মী তাঁকে কলা খেতে দেন। সুপারভাইজার রিপনও একই কলা খান। এরপর তাঁরা অচেতন হয়ে পড়েন। পরে পার্কিংয়ের একটি বেঞ্চে তাঁকে অর্ধচেতন অবস্থায় পাওয়া যায়।
এদিকে ঘটনাস্থলে গিয়ে পুলিশ শপিং মলটি ঘিরে রাখে। অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল আলামত সংগ্রহ করে। সেখান থেকে তালা কাটার ইলেকট্রনিক পাওয়ার সাপ্লাই মেশিন, বড় রড কাটার স্ক্রু ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। রমনা বিভাগের ডিবি পুলিশও ঘটনাস্থলে কাজ করে।
মার্শাল সিকিউরিটি কোম্পানির আব্দুর রব জানান, তাঁদের প্রতিষ্ঠানের সারোয়ার ও সুপারভাইজার আমিনুলকে পুলিশ নিয়ে গেছে। আর নিজাম সরদার নামে একজন পলাতক রয়েছেন।
জুয়েলার্সের মালিক অমিত ঘোষ বলেন, দোকান থেকে প্রায় দুই হাজার ভরি স্বর্ণ, রুপা ও হীরার গয়না এবং ১০ থেকে ১২ লাখ টাকা লুট হয়েছে। তাঁর দাবি, দোকানে কোনো স্বর্ণালংকার অবশিষ্ট রাখা হয়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম বলেন, চুরির ঘটনায় পুলিশ কাজ করছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
ধানমন্ডি থানার এক কর্মকর্তা জানান, নিরাপত্তাকর্মীদের খাবারের সঙ্গে কিছু মিশিয়ে অচেতন করার পর চুরির ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় সন্দেহভাজন চারজনকে আটক করা হয়েছে।
জুয়েলার্সের বিক্রয়কর্মী জোবায়ের আহমেদ জানান, কয়েক বছর আগেও একই কৌশলে চুরির চেষ্টা হয়েছিল। তখন নিরাপত্তাকর্মীদের মিষ্টি খাওয়ানো হলেও বিষয়টি মালিকের নজরে আসায় চুরি ঠেকানো সম্ভব হয়।
তথ্যসূত্র: ঢাকাপোস্ট