রবিবার, নভেম্বর ২৯, ২০২৬

মেট্রোরেল ঘিরে নিরাপত্তার নতুন বলয়, নজরদারিতে আশপাশের ভবন

সোনার দেশ ডেস্ক ২৮ নভেম্বর ২০২৬ ০৯:২৭ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ২৮ নভেম্বর ২০২৬ ০৯:২৭ অপরাহ্ন
মেট্রোরেল ঘিরে নিরাপত্তার নতুন বলয়, নজরদারিতে আশপাশের ভবন

মেট্রোরেলের নিরাপত্তা জোরদার ও সম্ভাব্য নাশকতা ঠেকাতে নতুন উদ্যোগ নিয়েছে পুলিশ। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা (কেপিআই) হিসেবে ঘোষিত মেট্রোরেলের সীমানার ২০ মিটারের মধ্যে থাকা ভবন ও প্রতিষ্ঠানের মালিকদের সতর্ক করা হচ্ছে। কোথাও কোথাও তাদের কাছ থেকে লিখিত অঙ্গীকারনামাও নেওয়া হচ্ছে।


অঙ্গীকারনামায় ভবনের ছাদ, বারান্দা ও সংরক্ষিত এলাকা ব্যবহার করে কেউ যেন নাশকতা বা জননিরাপত্তা বিঘ্নকারী কর্মকাণ্ড চালাতে না পারে, তা নিশ্চিত করতে বলা হয়েছে। পাশাপাশি সিসিটিভির মাধ্যমে নজরদারি, ছাদে প্রবেশ নিয়ন্ত্রণ, নিরাপত্তাকর্মীদের টহল এবং সন্দেহজনক ব্যক্তির চলাফেরা সম্পর্কে পুলিশ ও ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডকে (ডিএমটিসিএল) জানানোর নির্দেশনা রয়েছে।


কেপিআই নিরাপত্তা নীতিমালা–২০১৩ অনুযায়ী, গুরুত্বপূর্ণ স্থাপনার বহিঃনিরাপত্তা নিশ্চিত করতে আশপাশের ভবন থেকে অননুমোদিত পর্যবেক্ষণ ঠেকানো এবং সীমানাপ্রাচীরের ২০ মিটারের মধ্যে থাকা স্থাপনার নিরাপত্তা ছাড়পত্র নেওয়ার বিধান রয়েছে। তবে এলাকাভেদে পুলিশের উদ্যোগে কিছুটা পার্থক্য দেখা গেছে। মিরপুর ও পল্লবীতে ভবনমালিকদের মৌখিকভাবে সতর্ক করা হলেও মতিঝিলে লিখিত অঙ্গীকারনামা নেওয়া হচ্ছে।


মতিঝিল থানার ওসি কামরুজ্জামান তালুকদার জানান, মানুষকে সচেতন করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। কেউ নাশকতার চেষ্টা করলে বা সন্দেহজনক কর্মকাণ্ড চোখে পড়লে দ্রুত পুলিশকে জানানোর আহ্বান জানান তিনি। অন্যদিকে মিরপুর থানার ওসি হাফিজুর রহমান বলেন, কেপিআই স্থাপনার নিরাপত্তায় ভবনমালিকদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।


মেট্রোরেলের যাত্রী ও স্থাপনার নিরাপত্তা বাড়াতে অতিরিক্ত ৪০০ পুলিশ সদস্য চেয়ে পুলিশ সদর দপ্তরে চিঠি দিয়েছে ডিএমটিসিএল। সাম্প্রতিক সময়ে মেট্রো স্টেশনের নিচে বাসে অগ্নিসংযোগ এবং স্থাপনার পাশে ককটেল বিস্ফোরণের ঘটনার পর এ উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এখনো অতিরিক্ত জনবল পাওয়া যায়নি।


এ ছাড়া নজরদারি বাড়ানো ও জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নিতে ১১ কর্মকর্তার সমন্বয়ে একটি দল গঠন করেছে সংস্থাটি। ডিএমটিসিএল কর্মকর্তাদের মতে, বিদ্যমান জনবল দিয়ে সব স্টেশনের পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা কঠিন।


এমআরটি পুলিশের ডিআইজি মোহাম্মদ হাসান বারী নূর জানান, মেট্রোরেলের নিরাপত্তায় পোশাকধারী ও সাদাপোশাকের পুলিশ দায়িত্ব পালন করছে। প্রয়োজনে ডিএমপি ও সংশ্লিষ্ট থানার সহায়তা নেওয়া হচ্ছে। নিরাপত্তা আরও জোরদার করতেই অতিরিক্ত ৪০০ পুলিশ সদস্য চাওয়া হয়েছে।