ক্লাব রক্ষার দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী নগরীর কাজিরগঞ্জ স্পোর্টিং ক্লাব রক্ষায় মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এই সংবাদ সম্মেলনের আয়োজন করে ১১ ও ১৩ নম্বর ওয়ার্ডবাসী। সংবাদ সম্মেলনে দাবি করা হয়, ক্লাবটি অবৈধ ভাবে দখলের জন্য একটি কুচক্রী মহল মানববন্ধন করেছে।
মানববন্ধনে লিখিত বক্তব্য পাঠ করেন মাইনুদ্দিন সরকার। তিনি নিজেকে ক্লাবটির সাবেক সমাজকল্যাণ সম্পাদক বলে দাবি করেন। তিনি বলেন, ১৯৪৬ সালে স্থাপিত হওয়ার পর থেকে কাজিরগঞ্জ স্পোর্টিং ক্লাব ক্রীড়াঙ্গনে এক উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছে। ক্লাবটি তার জন্মলগ্ন হতে একটি অরাজনৈতিক ক্লাব হিসেবে সুনামের সাথে ক্রীড়াঙ্গনকে আলোকিত করে রেখেছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) ক্লাবটি অবৈধভাবে দখলের জন্য একটি কুচক্রী মহল মানববন্ধন করেছে।
তিনি বলেন, প্রথম বিভাগ ফুটবল, মহিলা ভলিবল, টেবিল টেনিস, স্বেচ্ছায় রক্তদান, রাজশাহী পুলিশ কমিশনার অফিসের নির্দেশে এই ক্লাবটি ইভটিজিংরোধে বিভিন্ন ভূমিকা পালন করে। এইচআইভি এইডস প্রতিরোধে দীর্ঘদিন ধরে সামাজিকভাবে কাজ করে আসছে। হঠাৎ করে ক্লাবটি জোর করে দখলের উদ্দেশ্যে বিভিন্ন জায়গা থেকে লোকজন নিয়ে এসে মানববন্ধন করে অবৈধভাবে ক্লাবে তালা মেরে দেয়।
তিনি আরও বলেন, অরাজনৈতিক একটি ক্লাবকে বিগত সরকারের দোসর বলে অপপ্রচার চালিয়ে ক্লাবটি দখল নিতে চায়। ক্লাবটি নিজস্ব জায়গায় প্রতিষ্ঠিত। ক্লাবের জায়গা অন্য কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের ক্রয় বা বিক্রয় করার ক্ষমতা নাই। অথচ মানববন্ধনে যারা বক্তব্য দিয়েছেন তারা এই ক্লাবকে গায়ের জোরে দখল করতে চায়। ক্লাবে জুয়া ও মাদক সেবন করা হয় তাদের এই মিথ্যা বক্তব্য ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। বরং ক্লাবের সদস্যরা মিলে বিভিন্ন খেলায় নিয়মিত অংশগ্রহণ করে থাকেন।