রাবি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ঘটনা তদন্তে কমিটি গঠন
রাবি প্রতিবেদক:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীদের অভিযোগ এবং প্রাসঙ্গিক অন্যান্য অভিযোগ তদন্তের জন্য পাঁচ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টা জানানো হয়।
কমিটির আহ্বায়ক হিসেবে রয়েছেন সিন্ডিকেট সদস্য ও আরবি বিভাগের প্রফেসর ড. মো. নিজাম উদ্দীন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীদের অভিযোগ এবং প্রাসঙ্গিক অন্যান্য অভিযোগকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতির বিষয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে সুনির্দিষ্ট সুপারিশ প্রদানের জন্য সিন্ডিকেট সদস্য প্রফেসর মো. নিজাম উদ্দীনকে (আরবী বিভাগ) আহ্বায়ক করে পাঁচ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব আজ বুধবার এই তদন্ত কমিটি গঠন করেন।
এর আগে, গত ১০ ও ১১ নভেম্বর ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক তানজিল ভুঞাকে চরিত্রহীন, লম্পট ও সন্ত্রাসী আখ্যা দিয়ে তাঁর বহিষ্কারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন বিভাগের শিক্ষার্থীরা। বিভাগের অফিসকক্ষে তালা ঝুলিয়ে ও ক্লাস-পরীক্ষা বর্জন করে এই আন্দোলন করেন তাঁরা।