বান্দরবানে বেড়াতে গিয়ে নিখোঁজ হওয়া রুয়েট শিক্ষার্থীর মৃত্যু, উপাচার্যের শোক

রাবি প্রতিবেদক :
বান্দরবানে ভ্রমণে গিয়ে নাফাখুম জলপ্রপাতে পা পিছলে গিয়ে নিখোজ হওয়া রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থী ইকবাল হোসেন (২৪) মৃত্যুবরণ করেছেন। ইকবাল হোসেনের অকাল মৃত্যুতে রুয়েট পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। সোমবার (১৭ নভেম্বর) রুয়েট জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
ইকবাল হোসেন রুয়েটের ম্যাটেরিয়াল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (এমএসই) বিভাগের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের (২০১৯ সিরিজ) শিক্ষার্থী।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মেধাবী শিক্ষার্থী ইকবাল হোসেনের অকাল মৃত্যুতে পুরো রুয়েট পরিবার শোকাহত। উপাচার্য মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
মহান রাব্বুল আলামীন যেনো মরহুমের পরিবারকে এই শোক সইবার তৌফিক দান করেন।
প্রসঙ্গত, ইকবাল হোসেন বান্দরবানে ভ্রমণে গিয়ে গত শুক্রবার বিকাল আনুমানিক ৪ টার দিকে নাফাখুম জলপ্রপাতে পা পিছলে পড়ে যায়। এর পর থেকে নিখোঁজ ছিল সে। দীর্ঘ ৩৬ ঘণ্টারও বেশি সময় পর তার লাশ উদ্ধার করা হয়।