শনিবার, আগস্ট ২২, ২০২৬

ফুলবাড়ীতে ১৯৬ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ

WP Import ১০ নভেম্বর ২০২৫ ১১:৫০ অপরাহ্ন
WP Import ১০ নভেম্বর ২০২৫ ১১:৫০ অপরাহ্ন
ফুলবাড়ীতে ১৯৬ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ
ফুলবাড়ীতে ১৯৬ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:


দিনাজপুরের ফুলবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে ১৯৬ জন নারী ও পুরুষের মাঝে বিনামূল্যে দুইটি করে ছাগল বিতরণ করা হয়েছে।
সোমবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত ছাগল বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সারোয়ার হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসাহাক আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মো. সামিউল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন, থানার ওসি একেএম খন্দকার মহিব্বুল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান এবং ভেটেরিনারি সার্জন ডা. সজীব হাওলাদার।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সারোয়ার হোসেন জানান, “ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবারের আয় বৃদ্ধির লক্ষ্যে ১৯৬ জন উপকারভোগীর মাঝে যাচাই-বাছাই করে দুইটি করে ছাগল দেওয়া হয়েছে। সব ছাগলই প্রাথমিক চিকিৎসা শেষে হস্তান্তর করা হয়েছে। বিতরণের ১৪ দিনের মধ্যে কোনো ছাগল অসুস্থ বা মারা গেলে তার পরিবর্তে নতুন ছাগল দেওয়া হবে।”
অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসাহাক আলী বলেন, “সরকার যে ছাগল দিচ্ছে তা বিক্রি বা জবাই করার জন্য নয়। নিয়মিত পরিচর্যার মাধ্যমে এগুলো লালন-পালন করে স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি করতে হবে।”
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে উপজেলার বিভিন্ন এলাকার ৯৬ জন নারী–পুরুষের হাতে দুইটি করে ছাগল তুলে দেন।