মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

ঈশ্বরদীতে স্ত্রীকে হত্যা করে পালালো স্বামী

WP Import ১০ অক্টোবর ২০২৫ ১১:০৯ অপরাহ্ন
WP Import ১০ অক্টোবর ২০২৫ ১১:০৯ অপরাহ্ন

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:


পাবনার ঈশ্বরদীতে পিয়ারা খাতুন (২৬) নামের এক গৃহবধুকে শ্বাসরোধে হত্যা করে ঘরের মেঝেতে লাশ ফেলে পালিয়েছে স্বামী হাফিজুর রহমান। শুক্রবার (১০ অক্টোবর) উপজেলার পাকশী ইউনিয়নের বাঘইলে ঈশ্বরদী ইপিজেড গেট মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত পিয়ারা খাতুন চাঁপাই নবাবগঞ্জের ভোলাহাট উপজেলার ছোট জামবাড়িয়া গ্রামের মো. ইব্রাহিমের মেয়ে এবং একই এলাকার হাফিজুর রহমানের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈশ্বরদী ইপিজেডে চাকরির খোঁজে গত ১৪ সেপ্টেম্বর থেকে তারা ইপিজেড মোড়ের একটি ভাড়া বাসায় বসবাস করছিল। ইপিজেডে চাকরির জন্য অপেক্ষা করার এই সময়ে তাদের মধ্যে প্রায়ই দাম্পত্য কলহ লেগে থাকতো। প্রতিবেশীরা জানান, বৃহস্পতিবার রাতেও তাদের মধ্যে ঝগড়া হয়। গতকাল শুক্রবার সকালে ওই বাসা থেকে কোন সাড়া শব্দ না পেয়ে প্রতিবেশীদের সন্দেহ হলে তারা খোঁজ নিতে গিয়ে দেখতে পান পিয়ারা খাতুনের গলায় ওড়না পেঁচানো অবস্থায় মেঝেতে পড়ে আছে। পরে পাকশী পুলিশ ফাঁড়িতে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে পোষ্টমর্টেম করতে পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) এ.বি.এম. মনিরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হয়েছে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করার পর স্বামী হাফিজুর পালিয়ে গেছে। এ বিষয়ে ঈশ্বরদী থানায় মামলা হয়েছে। পলাতক স্বামী হাফিজুরকে আটক করার চেষ্টা করা হচ্ছে বলে জানায় পুলিশ।