সোমবার, আগস্ট ২৪, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে জীবিত সাংবাদিককে মৃত দেখিয়ে ডাক বিভাগের চিঠি ফেরত

WP Import ২২ সেপ্টেম্বর ২০২৫ ১১:৩২ অপরাহ্ন
WP Import ২২ সেপ্টেম্বর ২০২৫ ১১:৩২ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:


চাঁপাইনবাবগঞ্জে একজন জীবিত সাংবাদিককে মৃত দেখিয়ে চিঠি ফেরত দেয়ার অভিযোগ উঠেছে ডাক বিভাগের বিরুদ্ধে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের এমন দায়িত্বহীন কর্মকা-ে বিস্মিত হয়েছেন ভুক্তভোগী গ্রাহক। অবশেষে প্রেরকের কাছ থেকেই সরাসরি চিঠিটি হাতে পান তিনি।

ভুক্তভোগী সাংবাদিক হচ্ছেন গোলাম মোস্তফা মন্টু। তিনি চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি, গ্রীনভিউ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এবং বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতির প্রশাসনিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।

এ বিষয়ে গোলাম মোস্তফা মন্টু বলেন, গত এপ্রিল মাসে অসুস্থ হয়ে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন। সে সময় আয়কর বিভাগের আইনজীবী এফ. কে. এম. লুৎফর রহমান তার কাছে একটি চিঠি পাঠান। খামের ওপর ঠিকানার সঙ্গে তার মোবাইল ফোন নম্বরও লেখা ছিল।

তবে ডাক বিভাগ কোনোভাবেই যোগাযোগ না করে চিঠিটি ফেরত পাঠায়। খামের ওপর লাল কালিতে লিখে দেওয়া হয়— ‘প্রাপক মৃত্যুবরণ করায় ফেরত দেয়া হয়েছে।’
তিনি আরও বলেন, রোববার ওই আইনজীবীর সঙ্গে দেখা হলে তিনি তাকে ফেরত আসা চিঠিটি দেখান। বিষয়টি দেখে তিনি হতবাক হয়ে যান।
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মসজিদ পাড়ায় চিঠিটি পাঠানো হয়েছিল। ওই রুটে চিঠি বিলি করেন ডাককর্মী আমিনুল ইসলাম। তিনি বলেন, উনি জীবিত আছেন কি না, তা আমি নিশ্চিত ছিলাম না। ফেসবুকে তার মৃত্যু সংবাদ দেখেছিলাম। তাই চিঠিটি ফেরত পাঠিয়েছি।