শিবগঞ্জে দুর্গা প্রতিমা ভাঙচুর ও পরে মিমাংসা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় একটি দুর্গা পুজো মণ্ডপে প্রতিমা ভাঙচুরের ঘটনা দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে প্রশাসনসহ স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন নড়েচড়ে বসে। কেউ কেউ বিষয়টিকে আক্রমণাত্মক হিসেবে উল্লেখ করেন।
শুক্রবার দুপুরে শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের নামোটিকোরী সার্বজনীন দূর্গা মন্দিরে নির্মাণাধীন প্রতিমা ভাঙচুর হয়। এরপর সন্ধ্যার দিকে বেশ কয়েকটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি ছবি ছড়িয়ে পড়ে। ছবিতে দেখা যায় একটি প্রতিমার মাথা ভেঙ্গে মাটিতে পড়ে আছে। হাতের আঙুলও কিছুটা ভাঙা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটি শেয়ার করে কেউ কেউ ধর্মীয় হিংসাত্মক ক্যাপশনও দিয়েছেন।
এমতাবস্থায় স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, কোন পক্ষই ঘটনাটিকে ‘উদ্দেশ্য প্রণোদিত’ হিসেবে উল্লেখ করতে রাজি হননি। মন্দির কমিটির সভাপতি বিকাশ কুমার শীল বলেন, মণ্ডপে প্রতীমা তৈরির কাজ চলমান এবং মন্দিরটি বিশেষ একটা সুরক্ষিত নয়। মন্দিরের সামনে ফুটবল খেলার সময় দুই শিশুর কাছে প্রতীমাটি ভেঙে যায়।
বিষয়টি যেহেতু অবুঝ শিশুদের সৃষ্ট তাই তারা স্থানীয়ভাবে মীমাংস করে নিয়েছেন। প্রতীমা ভেঙে যাওয়ায় ওই শিশুদের পরিবার কিছুটা ক্ষতিপূরণ দিয়েছে।
জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক ধনঞ্জয় চ্যাটার্জি বলেন, খোঁজ নিয়ে দেখেছি ঘটনাটি শিশুদের খেলার সময়ই ঘটেছে। শিশুরা খারাপ কোন উদ্দেশ্য নিয়ে কিছু করেনি। এ বিষয়ে তাদের কোন অভিযোগ নেই।
শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে সকল শ্রেণি ও বিভিন্ন পেশার মানুষের সঙ্গে কথা বলে পুলিশ সদস্যরা। তাদের কেউ-ই ঘটনাটিকে উদ্দেশ্যমূলক দাবী করেননি। তারা সকল পক্ষের উপস্থিতেতে বিষয়টির সমাধান করে দিয়েছি বলে জানান। তিনি আরও বলেন, যেখানে ঘটনাটি ঘটেছে সেখানে হিন্দু-মুসলিমদের একটা সম্প্রীতি রয়েছে।