রবিবার, জুন ২১, ২০২৬

নির্বাচনকালীন সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবিলায় পিআইবির প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক ২৫ জানুয়ারি ২০২৬ ০৮:২৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ২৫ জানুয়ারি ২০২৬ ০৮:২৬ অপরাহ্ন
নির্বাচনকালীন সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবিলায় পিআইবির প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

রাজশাহীতে নির্বাচনকালীন সময়ে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব, নৈতিকতা ও চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ করে তুলতে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। সেই লক্ষ্যে শনিবার (২৪ জানুয়ারি) সকাল ৯টায় নগরীর মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামের সম্মেলন কক্ষে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। এই কর্মশালার আয়োজন করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)। এতে সার্বিক সহযোগিতা প্রদান করছে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন। রাজশাহী জেলার বিভিন্ন উপজেলার ৫০ জন কর্মরত সাংবাদিক এই প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন।


উদ্বোধনী অনুষ্ঠানে পিআইবির অধ্যয়ন ও প্রশিক্ষণ বিভাগের প্রশিক্ষক মোহাম্মদ শাহ আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন পিআইবির রিসোর্স পারসন ও বিশিষ্ট সাংবাদিক জিয়াউর রহমান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব ড. সাদিকুল ইসলাম স্বপন, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহা. আব্দুল আউয়াল এবং সাধারণ সম্পাদক ডালিম হোসেন শান্ত প্রমুখ।


এসময় উপস্থিত বক্তারা বলেন, নির্বাচনকালীন সাংবাদিকতা একটি অত্যন্ত সংবেদনশীল ও ঝুঁকিপূর্ণ দায়িত্ব। এ সময়ে গুজব, ভুয়া তথ্য, অপপ্রচার এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর কনটেন্ট সাংবাদিকতার বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দেয়। এসব পরিস্থিতিতে সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন নিশ্চিত করতে সাংবাদিকদের আইন, আচরণবিধি ও পেশাগত নৈতিকতা সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা জরুরি।


বক্তারা আরও বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন প্রক্রিয়ায় গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকরা যদি দায়িত্বশীলভাবে তথ্য যাচাই করে, সব পক্ষের বক্তব্যের ভারসাম্য বজায় রেখে সংবাদ পরিবেশন করেন, তবে সাধারণ মানুষের আস্থা যেমন বাড়ে, তেমনি গণতান্ত্রিক প্রক্রিয়াও শক্তিশালী হয়।


এই প্রশিক্ষণ কর্মশালায় নির্বাচন কমিশনের নির্দেশনা, নির্বাচনী আইন ও আচরণবিধি, মাঠপর্যায়ে রিপোর্টিংয়ের ঝুঁকি ব্যবস্থাপনা, ডিজিটাল প্ল্যাটফর্মে দায়িত্বশীল সাংবাদিকতা, ভুয়া খবর শনাক্তকরণ ও প্রতিরোধ কৌশলসহ নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হবে।


আয়োজকদের মতে, এই ধরনের প্রশিক্ষণ সাংবাদিকদের পেশাগত দক্ষতা বাড়ানোর পাশাপাশি নির্বাচনকালীন সময়ে উদ্ভূত নানা চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখবে এবং জনস্বার্থে দায়িত্বশীল সাংবাদিকতার মান আরও সমৃদ্ধ করবে।