ডোপ টেস্টে পজিটিভ হলে শিক্ষার্থীরা ভর্তি বঞ্চিত হবে: ডিএনসি মহাপরিচালক
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক মো. হাসান মারুফ বলেছেন, ডোপ টেস্টে পজিটিভ হলে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবে না। এ ছাড়াও মন্ত্রণালয়ে জমা দেয়া নতুন নীতিমালায় চাকরির ক্ষেত্রে ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে চাঁপাইনবাবগঞ্জের নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ‘মাদকমুক্ত বাংলাদেশ গঠনে তারুণ্যের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
মো. হাসান মারুফ বলেন, ডোপ টেস্ট নীতিমালা মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। সেখানে সরকারি চাকরির ক্ষেত্রে ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে। একইভাবে বিশ্ববিদ্যালয় ও কলেজে ভর্তিতেও শিক্ষার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হবে।
ডোপ টেস্টের প্রতিবেদন পজিটিভ হলে শিক্ষার্থীরা ভর্তির সুযোগ হারাবে। তিনি বলেন, যানবাহনের চালক ও কলকারখানায় যারা যন্ত্রাংশ পরিচালনা করেন, তাদের সবার জন্যও ডোপ টেস্ট বাধ্যতামূলক হয়ে যাবে। এটি বাস্তবায়িত হলে আমাদের দেশে মাদক নিয়ন্ত্রণ করা অনেক সহজ হবে।
আলোচনা সভা শেষে নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের ১৫ জন মেধাবী শিক্ষার্থীর হাতে মাদকবিরোধী স্লোগান সংবলিত বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত সকলকে মাদকবিরোধী শপথ বাক্য পাঠ করান এবং লাল কার্ড প্রদর্শন করেন।
আলোচন সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত, নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসলাম কবীর।
অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপরিচালক চৌধুরী ইমরুল হাসান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বালুগ্রাম আদর্শ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. গোলাম ফারুক মিথুন।