রবিবার, জুন ২১, ২০২৬

ভোটার উদ্বুদ্ধকরণে রাজশাহীতে জেলা তথ্য অফিসের ভ্রাম্যমাণ ট্রাকে সংগীতানুষ্ঠান আয়োজন

তথ্যবিবরণী ৩১ জানুয়ারি ২০২৬ ০৮:২২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
তথ্যবিবরণী ৩১ জানুয়ারি ২০২৬ ০৮:২২ অপরাহ্ন
ভোটার উদ্বুদ্ধকরণে রাজশাহীতে জেলা তথ্য অফিসের ভ্রাম্যমাণ ট্রাকে সংগীতানুষ্ঠান আয়োজন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট বিষয়ে ভোটার উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতা বৃদ্ধির জন্য প্রচারণার অংশ হিসেবে রাজশাহী জেলা তথ্য অফিস ভ্রাম্যমাণ ট্রাকযোগে সংগীতানুষ্ঠানের আয়োজন করেছে। আজ শনিবার (৩১ জানুয়ারি) সকালে নগরীর উপশহরে দপ্তরটির কার্যালয়ের সামনে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। রাজশাহী পিআইডির উপপ্রধান তথ্য অফিসার মো. তৌহিদুজ্জামান প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ভ্রাম্যমাণ এ সংগীত অনুষ্ঠানের উদ্বোধন করেন। পরে তিনি সেখানে সংক্ষিপ্ত বক্তৃতা করেন।


অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসের পরিচালক তাজকিয়া আকবরী। এ সময় জেলা তথ্য অফিসের উপ-পরিচালক নাফেয়ালা নাসরিন, পিআইডির সিনিয়র তথ্য অফিসার মো. আতিকুর রহমান শাহ সহ জেলা তথ্য অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে বক্তাগণ বলেন, জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট বিষয়ে ভোটার উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতা বৃদ্ধির প্রচারে ভ্রাম্যমাণ ট্রাকযোগে সংগীতানুষ্ঠান নতুন মাত্রা যোগ করবে। শিল্পীরা ভোটারদের সংসদ নির্বাচন এবং গণভোটে ভোটদানে উদ্বুদ্ধ করতে গানে গানে বিভিন্ন বার্তা প্রচার করবে। একই সাথে নির্বাচন কমিশন ঘোষিত নির্বাচনী আচরণ বিধিও প্রচার করবে।


দিনব্যাপী এ আয়োজনে শিল্পীরা মহানগর ও সংলগ্ন উপজেলার বিভিন্ন জনবহুল স্থানে বিষয়ভিত্তিক সংগীত পরিবেশন করে।