রবিবার, জুন ২১, ২০২৬

ডিসির আদেশের পরেও চেয়ারে বসতে পারলেন না চেয়ারম্যান তোফা

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি ০১ মার্চ ২০২৬ ১১:১৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি ০১ মার্চ ২০২৬ ১১:১৪ অপরাহ্ন
ডিসির আদেশের পরেও চেয়ারে বসতে পারলেন না চেয়ারম্যান তোফা

নওগাঁ জেলা প্রশাসকের আদেশ থাকা সত্ত্বেও চেয়ারে বসতে পারলেন না আত্রাই উপজেলার বিশা ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন খাঁন তোফা। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর একটি অভিযোগ দাখিল করেছেন ভুক্তভোগী চেয়ারম্যান।


অভিযোগ সূত্রে জানা যায়, বেশ কিছুদিন থেকে ওই ইউনিয়নের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন খাঁন তোফা আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব থেকে বরখাস্ত ছিলেন। পরবর্তীতে তিনি আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাঁর দায়িত্ব ফিরে পান।


এ ব্যাপারে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম গত ২২ ফেব্রুয়ারি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন খাঁনকে ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক কাজে পুনর্বহালের লিখিত আদেশ প্রদান করেন।


আদেশ প্রাপ্তির পর তিনি গত ২৬ ফেব্রুয়ারি আত্রাইয়ের আহসানগঞ্জ ইউপি চেয়ারম্যান এস.এম মঞ্জুরুল আলম, মনিয়ারী ইউপি চেয়ারম্যান সম্রাট হোসেন ও ভোঁপাড়া ইউপি চেয়ারম্যান নাজিমুদ্দিনকে সঙ্গে নিয়ে বিশা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে কাজে যোগদান করতে যান।


কিন্তু ইউনিয়ন পরিষদ কার্যালয়ে প্রবেশের পূর্বেই কতিপয় লোক লাঠিসোটা নিয়ে  চেয়ারম্যানকে কার্যালয়ে প্রবেশে বাধা দেয় এবং বিভিন্ন হুমকি প্রদান করে। বাধার মুখে পড়ে চেয়ারম্যান ফিরে যেতে বাধ্য হন।


এ ব্যাপারে আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মো. আলাউল ইসলাম বলেন, ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেনের অভিযোগ পেয়েছি। উনার যোগদানের বিষয়টি আমরা দেখছি।