শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬

রাজশাহীতে ব্র্যাকের ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক ০৩ মার্চ ২০২৬ ১০:৪২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ০৩ মার্চ ২০২৬ ১০:৪২ অপরাহ্ন
রাজশাহীতে ব্র্যাকের ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

রাজশাহীতে জেন্ডারভিত্তিক সহিংসতা, বুলিং ও যৌন হয়রানিমুক্ত শিক্ষা পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে ব্র্যাক পরিচালিত ‘শিখা’ প্রকল্পের আওতায় একটি ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে জেলা শিক্ষা অফিসারের কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।


সভায় সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার জায়েদুর রহমান। এতে উপস্থিত ছিলেন রিসার্চ অফিসার (শিক্ষা), জেলার ৯টি উপজেলার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও একাডেমিক সুপারভাইজারগণ, ব্র্যাকের জেলা প্রতিনিধি, সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সাংবাদিক ও এনজিও প্রতিনিধিরা।


‘শিখা’ প্রকল্পটি ইউরোপীয় ইউনিয়ন-এর অর্থায়নে পরিচালিত চার বছর মেয়াদি একটি উদ্যোগ। গত বছরের ফেব্রুয়ারি থেকে রাজশাহীর ৯টি উপজেলায় প্রকল্পটির কার্যক্রম বাস্তবায়ন শুরু হয়েছে। এর আওতায় জেলার ৬০টি মাধ্যমিক বিদ্যালয়ে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।


প্রকল্পের লক্ষ্য শুধু শিক্ষা প্রতিষ্ঠানেই সীমাবদ্ধ নয়। পাবলিক প্লেস, কর্মক্ষেত্র, গণপরিবহন, তৈরি পোশাক কারখানা, ডিজিটাল প্ল্যাটফর্ম এবং স্থানীয় কমিউনিটিতেও বিশেষ করে নারী ও মেয়েদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সমন্বিত প্রতিরোধ ও সহায়তা ব্যবস্থা জোরদার করা হবে।


সভায় মুক্ত আলোচনা পর্বে বক্তারা শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ, বাল্যবিয়ে ও বুলিং মোকাবিলা, কার্যকর রিপোর্টিং ও রেসপন্ডিং ব্যবস্থার উন্নয়ন এবং বিদ্যালয়কে নির্যাতনমুক্ত ও নিরাপদ কর্মস্থল হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। শিক্ষাপ্রতিষ্ঠানের আশেপাশে শিক্ষার্থীদের চলাচলের পথে ঝুঁকি ম্যাপ প্রণয়ন এবং যৌন হয়রানি প্রতিরোধ কমিটির কার্যক্রম আরও সক্রিয় ও কার্যকর করার বিষয়েও মতামত তুলে ধরা হয়।


‘শিখা’ প্রকল্পের টেকনিক্যাল ম্যানেজার হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন টেকনিক্যাল কর্মকর্তা মিতা রানী সরকার, রোড সেফটির প্রতিনিধি পঙ্কজ কুমার বিশ্বাস, প্রোজেক্ট অফিসার মোতালেব হোসেন ও আফরোজা খাতুন, কমিউনিটি ভলান্টিয়ার শাকিল আহমেদ, আহনাফ তাহামিদ, সোহানুর রহমান এবং ব্লাস্টের প্রতিনিধি সোমা ইসলামসহ অন্যান্যরা।


প্রকল্পটি রাজশাহীর স্থানীয় সরকার, জনপ্রতিনিধি, সুশীল সমাজ ও স্থানীয় সংগঠনগুলোকে সম্পৃক্ত করে মাধ্যমিক স্কুল ও মাদ্রাসাকেন্দ্রিক কার্যক্রম পরিচালনা করছে। যৌন হয়রানি ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে গণসচেতনতা সৃষ্টি, কার্যকর প্রতিরোধ ও সহায়তা ব্যবস্থা গড়ে তোলা এবং প্রাতিষ্ঠানিক কাঠামো শক্তিশালী করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।