মাদকবিরোধী অভিযানে ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
রাজশাহী মহানগরীর কর্ণহার ও কাশিয়াডাঙ্গা থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- পবা থানার বসন্তপুর গ্রামের মো: মকসেদ আলীর ছেলে মো: মিঠু ইসলাম (৩৩); কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম চারখুটার মোড় গ্রামের মো: মাহাবুবুর রহমানের ছেলে মো: নিশার আহম্মেদ সাগর (২৭); বগুড়া জেলার আদমদীঘি থানার সান্তাহার গ্রামের ( বতর্মানে বোয়ালিয়া থানার ঘোড়ামারা এলাকায় বসবাসরত) মো: মঞ্জুরুল হকের ছেলে মো: জিম (২৫) এবং রাজপাড়া থানার ভাটাপাড়া গ্রামের মো: ফজলুল হকের ছেলে মো: জনি (৩৬)। সকলেই রাজশাহী মহানগরীতে বসবাস করেন।
গত ১ মার্চ রাত আনুমানিক সাড়ে ১১টায় কর্ণহার থানার ধর্মহাটা এলাকায় পরিচালিত অভিযানে ১ জনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে ২ মার্চ ২০২৬ তারিখ রাত আনুমানিক দেড়টায় কাশিয়াডাঙ্গা থানা এলাকায় স্থাপিত পুলিশ চেকপোস্টে তল্লাশি করাকালীন আরও ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
চেকপোস্টে গ্রেপ্তারকৃত আসামিদের দেহ তল্লাশি করে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ বোতল (৫০০ মি.লি.) দেশি মদ উদ্ধার করা হয়। এসময় মাদক বিক্রয়ের উদ্দেশ্যে ব্যবহৃত একটি প্রাইভেট কারও জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।