রাজশাহীতে সংক্ষিপ্ত আদালতে তিন প্রতিষ্ঠানকে জরিমানা
রাজশাহী চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের নির্দেশে মহানগরীর বিভিন্ন মিষ্টির দোকান ও কাপড়ের মার্কেটে অভিযান চালানো হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণে সংক্ষিপ্ত বিচারের আদালত পরিচালনা করা হয়েছে।
বুধবার (৪ মার্চ) বিকেলে নগরীর সাহেববাজার এলাকায় এই অভিযান পরিচালনা করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লাহ। অভিযানকালে ভোক্তা অধিকার আইন লঙ্ঘনের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
এর মধ্যে নবরূপ মিষ্টান্ন ভাণ্ডারকে ওজনে কম দেওয়া এবং একটি পণ্যে বিএসটিআই অনুমোদন না থাকায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মৌচাক মিষ্টি ভাণ্ডারকে দই অতিরিক্ত মূল্যে বিক্রি করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে কাপড়ের দোকান শেখ গার্মেন্টস ক্রয় রশিদ প্রদর্শন করতে না পারায় ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সিএমএম কোর্টের নাজির সোহেল রানা বলেন, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত নিয়মিত সংক্ষিপ্ত আদালত পরিচালিত করবে। ভোক্তা অধিকার সংরক্ষণ, পরিবেশ রক্ষা, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বিভিন্ন অপরাধ আইনের আওতায় এনে রাজশাহী মহানগরকে আরও নিরাপদ করে গড়ে তুলতে কাজ করে যাবে।