শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬

পদ্মায় বিএসএফের স্পিড বোটের ধাক্কায় যুবক আহত, নিখোঁজ ১

শিবগঞ্জ প্রতিনিধি ০৫ মার্চ ২০২৬ ১১:৪২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
শিবগঞ্জ প্রতিনিধি ০৫ মার্চ ২০২৬ ১১:৪২ অপরাহ্ন
পদ্মায় বিএসএফের স্পিড বোটের ধাক্কায় যুবক আহত, নিখোঁজ ১

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা সীমান্তে পদ্মা নদীতে নৌকায় মাছ ধরার সময় ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী-বিএসএফের রাবার বুলেট ও স্পিড বোটের ধাক্কায় এক যুবক আহতের অভিযোগ উঠেছে।


এ সময় নৌকা থেকে পড়ে গিয়ে আরও এক বাংলাদেশি যুবক নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে বিজিবি।


বুধবার (৪ মার্চ) সন্ধ্যায় উপজেলার মনোহরপুর সীমান্তে নদীতে এ ঘটনা ঘটে বলে জানান দুর্লভপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুহা. আজম আলী।


তবে স্পিড বোটের ধাক্কায় বাংলাদেশি আহত হওয়ার কথা স্বীকার করলেও রাবার বুলেট ছোড়ার অভিযোগ নিশ্চিত করতে পারেনি বিজিবি।


আহত মো. মোরশেদ (৩২) মনোহরপুরের মনিমুল ইসলামের ছেলে। তিনি রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন। নিখোঁজ মো. ফকির (৩২) একই এলাকার চান মণ্ডলের ছেলে।


ইউপি চেয়ারম্যান আজম আলী বলেন, সন্ধ্যায় পদ্মা নদীর প্রবেশ মুখে মাছ ধরছিলেন মোরশেদ ও ফকিরসহ আরও কয়েকজন। এ সময় বিএসএফ সদস্যরা দূর থেকে তাদের লক্ষ্য করে রাবার বুলেট ছোড়েন।


এক পর্যায়ে বিএসএফের একটি স্পিড বোট মোরশেদ ও ফকিরের নৌকার ওপর উঠিয়ে দেয়। এতে তাদের নৌকাটি উল্টে যায়। অন্য জেলেরা আহত অবস্থায় মোরশেদকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে ঘটনার পর থেকে নিখোঁজ রয়েছেন ফকির।


চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আব্দুস সামাদ বলেন, আহত যুবকের শরীরে ছররা গুলির চিহ্ন রয়েছে। তাকে রাত ৮টার পরে রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়।


চাঁপাইনবাবগঞ্জ-৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, “ওই দুই যুবক বাংলাদেশের সীমানা অতিক্রম করে ভারতের ২০০ গজ অভ্যন্তরে চলে যান। এ সময় বিএসএফের টহল দল তাদের ধাওয়া করে। এতে স্পিড বোটের ধাক্কায় একজন আহত ও অপরজন নিখোঁজ হন। তবে সেখানে কোনো গুলির ঘটনা ঘটেনি বলে বিএসএফের পক্ষ থেকে বিজিবিকে জানানো হয় বলে জানান লেফটেন্যান্ট কর্নেল মুস্তাফিজুর রহমান।