নগরীতে সেমাই উৎপাদনকারী দুই প্রতিষ্ঠানকে জরিমানা
বিএসটিআইয়ের লাইসেন্স ও মানসনদ ছাড়া লাচ্ছা সেমাই উৎপাদন এবং অস্বাস্থ্যকর পরিবেশে তা বিক্রি-বিতরণ করার অভিযোগে রাজশাহীতে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুর আড়াইটার দিকে রাজশাহী মহানগরীতে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয়, রাজশাহীর উদ্যোগে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযানে বিএসটিআইয়ের গুণগত মানসনদ গ্রহণ না করে অস্বাস্থ্যকর পরিবেশে ‘লাচ্ছা সেমাই’ উৎপাদন, বিক্রি ও বিতরণ এবং মোড়কে অবৈধভাবে বিএসটিআইয়ের মানচিহ্ন ব্যবহার করার অভিযোগে নগরীর বিসিক শিল্পনগরী এলাকার মেসার্স রাতুল বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই অপরাধে একই এলাকার মেসার্স ইউসুফ প্রোডাক্টসকেও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
রাজশাহী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিয়া রহমানের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। এতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইং কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।
অভিযানকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
বিএসটিআই সূত্রে জানা গেছে, জনস্বার্থে ভেজাল প্রতিরোধ এবং গুণগত মানসম্পন্ন খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।