শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬

রমজানে ভাগাভাগির আনন্দ, অসহায়দের পাশে ফুলবাড়ী যুব উদ্যোক্তা পরিবার

আমিনুল ইসলাম, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি ০৭ মার্চ ২০২৬ ০১:৩০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
আমিনুল ইসলাম, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি ০৭ মার্চ ২০২৬ ০১:৩০ অপরাহ্ন
রমজানে ভাগাভাগির আনন্দ, অসহায়দের পাশে ফুলবাড়ী যুব উদ্যোক্তা পরিবার

পবিত্র রমজান মাস মানেই সংযম, সহমর্মিতা আর ভাগাভাগির শিক্ষা। সেই মানবিক চেতনা থেকেই দিনাজপুরের ফুলবাড়ীতে অর্ধশত দুঃস্থ, অসহায় ও অসচ্ছল মানুষের পাশে দাঁড়িয়েছে উদ্যোক্তাদের সংগঠন ফুলবাড়ী যুব উদ্যোক্তা পরিবার।

উপজেলার দক্ষিণ সুজাপুর এলাকায় সংগঠনটির অস্থায়ী কার্যালয় থেকে সম্প্রতি রমজান মাসের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় তরুণ উদ্যোক্তারা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

বিতরণকালে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সভাপতি সাংবাদিক কংকনা রায়, সহ-সভাপতি মর্তুজান নাহার মিতু, সাধারণ সম্পাদক ইসরাত জাহান ইতি, কোষাধ্যক্ষ আইরিন আক্তার হিরা, সদস্য মাবরুহা তানজিম, মাসরুফা ও নাজমুন নাহারসহ অন্যরা।

প্রতিজন উপকারভোগীর হাতে তুলে দেওয়া হয় আতপ চাল, ছোলা, বেসন, মসুর ও কালাই ডাল, মুড়ি, ট্যাং ও চিনি। আয়োজকদের ভাষ্য, রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় এসব পণ্যের চাহিদা বেড়ে যায়। তাই অন্তত কিছুটা স্বস্তি দিতেই এ উদ্যোগ।

সাহায্যপ্রাপ্ত এক ব্যক্তি বলেন, রমজান মাসে সংসারের খরচ বেড়ে যাওয়ায় অনেক সময় প্রয়োজনীয় খাদ্যসামগ্রী জোগাড় করা কঠিন হয়ে পড়ে। এই সহায়তা তাদের জন্য বড় স্বস্তি এনে দিয়েছে। তিনি সংগঠনের প্রতি কৃতজ্ঞতা জানান।

সংগঠনটির সভাপতি কংকনা রায় বলেন, “রমজান আমাদের সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সেই ভাবনা থেকেই এ আয়োজন।”

সাধারণ সম্পাদক ইসরাত জাহান ইতি বলেন, “ফুলবাড়ী যুব উদ্যোক্তা পরিবার স্থানীয় তরুণ উদ্যোক্তাদের একত্রিত করে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম গড়ে তুলছে। পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করছে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।”

রমজানের চেতনায় এমন উদ্যোগ স্থানীয়দের কাছে প্রশংসিত হয়েছে। অনেকেই মনে করছেন, তরুণ উদ্যোক্তাদের এ ধরনের মানবিক কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তনের পথ দেখায়।##