ইদের নামাজের ইমাম নির্বাচন বৈঠকে মারামারিতে নিহত এক
মোহনপুর উপজেলায় একটি ইদগাঁ মাঠে ইদের নামাজের ইমাম নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় দুইপক্ষের মামামারিতে আলাউদ্দিন (৫৬) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার (৭ মার্চ) রাত আটটার দিকে উপজেলার কেশরহাট পৌরসভার সাঁকোয়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আলাউদ্দিন সাঁকোয়া গ্রামের মৃত মালা বক্সের ছেলে।
ঘটনার পর থেকে দুপক্ষ মুখোমুখি অবস্থান নেওয়ায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এসময় একটি মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নেভায়। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাঁকোয়া গ্রামের একটি ইদগাহে আসন্ন ইদুল ফিতরের নামাজের ইমাম নির্বাচন বৈঠক বসে সন্ধ্যায়। এনিয়ে দুটি পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এসময় দুই পক্ষের মধ্যে মারামারি বেধে যায়। এতে আলাউদ্দিন নামের এক ব্যক্তির মৃত্যু হয়। আলাউদ্দিনের মরদেহ বর্তমানে নিহতের বাড়িতে রয়েছে। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ।
এ বিষয়ে মোহনপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দিন বলেন- ইদগাঁ মাঠে ইদের নামাজের ইমাম নিয়োগকে কেন্দ্র করে দুই পক্ষের মামামারিতে আলাউদ্দিনের মৃত্যু হয়েছে। মরদেহ নিহতের বাড়িতে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।