শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬

লাইসেন্স ছাড়াই সেমাই উৎপাদন, রাজশাহীর দুই প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক ০৮ মার্চ ২০২৬ ১১:৪৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ০৮ মার্চ ২০২৬ ১১:৪৭ অপরাহ্ন
লাইসেন্স ছাড়াই সেমাই উৎপাদন, রাজশাহীর দুই প্রতিষ্ঠানকে জরিমানা

রাজশাহীর পবা উপজেলার কাটাখালীতে বিএসটিআই’র লাইসেন্স ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই উৎপাদন ও বিক্রি-বিতরণ করায় দুই প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।


রবিবার (৮ মার্চ) দুপুর ১২টার দিকে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয়, রাজশাহীর উদ্যোগে পবা উপজেলার কাটাখালী পৌরসভার সমসাদীপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।


অভিযানে বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ ছাড়াই অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই উৎপাদন ও বিক্রি-বিতরণ এবং পণ্যের মোড়কে অবৈধভাবে বিএসটিআই’র মানচিহ্ন ব্যবহার করায় মেসার্স আলিফ ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।


একই এলাকায় বিএসটিআই’র গুণগত মানসনদ ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই উৎপাদন ও বিক্রি-বিতরণ করায় মেসার্স সুমি ফুড প্রোডাক্টসকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।


রাজশাহী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার ইসলাম নাসিফের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইং কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ। অভিযানের সময় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।


বিএসটিআই কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে ভেজাল প্রতিরোধ এবং গুণগত মানসম্পন্ন খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।