ঈশ্বরদীতে সাবেক এমপিকে দল থেকে বহিস্কারের দাবি
পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সিরাজুল ইসলাম সরদারের সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করেছে ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপি।
সোমবার (৯ মার্চ) দুপুরে শহরের পাবনা রোডে বিএনপির প্রধান নির্বাচনী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পৌর বিএনপির সাবেক সভাপতি ও ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র মকলেছুর রহমান বাবলু।
সংবাদ সম্মেলনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডলের কাছে বিএনপির প্রার্থী হাবিবুর রহমান হাবিবের পরাজয়ের জন্য বিএনপির সাবেক এমপি সিরাজ সরদারকে দায়ী করে তাকে দল থেকে বহিস্কারের দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে বাবলু বলেন, নিজে দলীয় মনোনয়ন না পেয়ে পর্দার আড়ালে থেকে বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে জাকারিয়া পিন্টুকে বিদ্রোহী প্রার্থী হিসেবে দাঁড় করিয়ে এবং প্রশাসনের সঙ্গে গোপন যোগাযোগের মাধ্যমে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ করে এই আসনে ধানের শীষকে পরাজিত করেছেন সাবেক এমপি সিরাজ সরদার।
পাবনা জেলা বিএনপির আহ্বায়ক এবং বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে গণতন্ত্র পুনরুদ্ধার, আন্দোলন সংগ্রাম, বারবার হামলা, মামলা, জেল, জুলুম ও অত্যাচারের শিকার হয়েছেন। অথচ সে সময় এই আসনের সাবেক এমপি সিরাজ সরদার তৎকালীন আওয়ামীলীগের এমপি ও ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর সঙ্গে আঁতাত করে তার সঙ্গে হাত মিলিয়ে একদিকে তাকে লাখ টাকার আতশবাজি ফুটিয়ে সংবর্ধনা দিয়েছেন। অন্যদিকে ইপিজেড, রেলওয়েসহ বিভিন্ন ব্যবসা বাণিজ্য করেছেন বহাল তবিয়তে।
বিগত সময়ে কোন আন্দোলন-সংগ্রাম না করে কৌশলে নিরব থেকেছেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে তিনি বিএনপির প্রার্থী হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেন। জামায়াতে ইসলামীর প্রার্থী আবু তালেব মন্ডলকে বিজয়ী করতে বিএনপির বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী দাঁড় করিয়ে তার নিজ বাড়ির ভোটকেন্দ্র বাঘইল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে দাঁড়িপাল্লাকে বিজয়ী করেন। এছাড়া আওয়ামীলীগ শাসন আমলে আওয়ামী লীগের আরো দুই সাবেক এমপি নুরুজ্জামান বিশ্বাস ও গালিবুর রহমান শরীফের সঙ্গে বৈঠক, সমঝোতার বিভিন্ন ছবি ও ভিডিওচিত্রের প্রমান উল্লেখ করে সংবাদ সম্মেলনের মাধ্যমে অবিলম্বে বিএনপি থেকে সিরাজ সরদারকে বহিস্কার করার দাবি জানান উপজেলা ও পৌর বিএনপির নেতারা।
সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির আহবায়ক জিয়াউল ইসলাম সন্টু সরদার, সদস্য সচিব আজমল হোসেন সুজন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামসুল আলম, উপজেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক ও সাবেক চেয়ারম্যান শরিফুল ইসলাম তুহিন, বিএনপি নেতা মাহ্বুবুর রহমান পলাশ, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন ডাবলুসহ ঈশ্বরদী উপজেলা, পৌর বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শনিবার দুপুরে সাবেক এমপি সিরাজ সরদার পাকশীর বাঘইলে তার নিজ বাড়িতে জনাকীর্ণ সংবাদ সম্মেলনে পাবনা-৪ আসনে ধানের শীষের পরাজয়ের জন্য প্রার্থী হাবিবুর রহমান হাবিবকে দায়ি করে বক্তব্য দেন। সোমবার তারই প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করে উপজেলা ও পৌর বিএনপি।